প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন

প্রধানমন্ত্রীর দুইজন উপদেষ্টা ও আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন দু’টি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। খবর বাসস

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রিগণের মধ্যে দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬ এর রুল তিন(চার) অনুযায়ী প্রতিমন্ত্রিগণের মধ্যে নিম্নরূপভাবে দায়িত্ব/দপ্তর পুনর্বণ্টন করেছেন।’

প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়।

প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬ এর রুল তিন(চার) অনুযায়ী উপদেষ্টাগণের মধ্যে নিম্নরূপভাবে দায়িত্ব/দপ্তর পুনর্বণ্টন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজনৈতিক উপদেষ্টা এবং উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয় এবং উপদেষ্টা  রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা এবং উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =