প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন অনুপমা পরমেশ্বরন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রেম ভাঙার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন ‘প্রেমাম’খ্যাত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। ইনস্টাগ্রামে তাঁর কয়েকটি আবেগঘন পোস্টকে কেন্দ্র করে অভিনেতা ধ্রুব বিক্রম–এর সঙ্গে কথিত সম্পর্কের ইতি টানার জল্পনা তৈরি হলেও, অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন—সেসব পোস্টের সঙ্গে কোনো প্রেম বা বিচ্ছেদের সম্পর্ক নেই।

সম্প্রতি তেলুগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’-এর টিজার উন্মোচন অনুষ্ঠানে অনুপমা বলেন, তাঁর পোস্টগুলো ছিল একজন নারীর ব্যক্তিগত বিকাশ, আত্ম-উপলব্ধি এবং জীবনের পরিবর্তনকে গ্রহণ করার অভিজ্ঞতা নিয়ে।

তিনি বলেন, “এটি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। সেখানে কী পোস্ট করব, সেটি আমি নিজেই ঠিক করব। আমি কোনো ক্ষোভ প্রকাশ করিনি। একজন নারীর জীবনের পরিবর্তনের একটি অধ্যায় নিয়ে কথা বলেছি, আর সেটি করতে পেরে আমি গর্বিত।”

পোস্টগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, অনেকেই তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে না জেনেই নানা ব্যাখ্যা দিচ্ছেন।

অনুপমার ভাষায়, “আমার সম্পর্কে আপনি কী জানেন? আমার জীবন সম্পর্কে আপনি কী জানেন? এটা আমার ইনস্টাগ্রাম। আমি যা ইচ্ছা, তাই পোস্ট করব।”

প্রায় পাঁচ মাস পর ইনস্টাগ্রামে ফিরে ভয় কাটিয়ে ওঠা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুনভাবে জীবন শুরু করার অভিজ্ঞতা নিয়ে কয়েকটি পোস্ট করেছিলেন অনুপমা। এরপরই ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত বিচ্ছেদের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুপমা কিংবা ধ্রুব—কেউই কখনও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘বাইসন: কালামাডান’-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই অনুপমা ও ধ্রুবকে ঘিরে সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

বর্তমানে অনুপমার নতুন তেলুগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =