বাংলাদেশের দুই শিল্পীর গান শেয়ার করলেন এ আর রহমান, উচ্ছ্বসিত শুভ ও নন্দিতা

বাংলাদেশের দুই তরুণ কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার জন্য স্মরণীয় এক মুহূর্ত এনে দিলেন অস্কারজয়ী ভারতীয় সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। তাঁদের গাওয়া একটি গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কিংবদন্তি এই সংগীত পরিচালক।

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের অধীনে পুরোনো জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করে আসছেন শুভ ও নন্দিতা। তাদের পরিবেশনা ইতোমধ্যেই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এ আর রহমানের স্বীকৃতিও।

Screenshot

সম্প্রতি এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে পরিবেশন করেন এই দুই শিল্পী। গানটি প্রকাশের পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রহমান। এতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসছেন দুই শিল্পী।

অনুভূতি প্রকাশ করে শুভেন্দু দাশ শুভ বলেন, “ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যাঁর কাজ সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে, তিনি আমাদের গান শুনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন—এটা সত্যিই অসাধারণ অনুভূতি।”

অন্যদিকে সানজিদা মাহমুদ নন্দিতাও এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি লেখেন, “আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো, প্লিজ! এই মুহূর্তটি সারাজীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সংগীত অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এ আর রহমানের মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি বাংলাদেশের তরুণ শিল্পীদের জন্য বড় প্রেরণা। এটি তাদের সৃষ্টিশীল কাজকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + eleven =