বিশ্বকাপ থেকে বিদায়ের পর অশ্রুসিক্ত নেইমার, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মারকিনিওস

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর হতাশায় ভেঙে পড়লেন ব্রাজিল তারকা নেইমার। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিউ জার্সির মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর চোখের জল আর ধরে রাখতে পারেননি। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে একাধিক সুযোগ, এমনকি একটি পেনাল্টিও কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক মারকিনিওস বলেন, এই পরাজয় মেনে নেওয়া কঠিন। তার ভাষায়, “এ ধরনের ম্যাচে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে, কিন্তু আমরা পেনাল্টিসহ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছি। বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে ওঠে।”

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মারকিনিওস বলেন, “ব্রাজিলের মানুষ এবং স্টেডিয়ামে এসে যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এখন আমাদের আগামী প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে, যাতে তারা আগামী চার বছরে আরও শক্তিশালী দল গড়ে তুলতে পারে।”

অধিনায়ক হিসেবে দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সিনিয়র খেলোয়াড় হিসেবে এই ব্যর্থতার দায় আমাদেরই নিতে হবে, যাতে নতুন প্রজন্ম আরও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।”

এই হারের মধ্য দিয়ে টানা ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপার দেখা পেল না ব্রাজিল। ‘হেক্সা’ জয়ের স্বপ্ন আবারও অধরাই থেকে গেল সেলেসাওদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =