বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক ব্যবহারে বিপর্যয়

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে বৃহস্পতিবার মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক ব্যবহারে বিঘ্ন ঘটেছে। এতে কয়েক হাজার ব্যবহারকারী তাদের ই-মেইলে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। পরিস্থিতির প্রভাব কমাতে জোরালোভাবে কাজ চলছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এএফপি।

প্রতিষ্ঠানটির অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের কর্মদিবসের বেশির ভাগ সময়জুড়েই এ সমস্যা চলতে থাকে। আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের আরও কয়েকটি সেবা, যেমন—ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটও এ বিপর্যয়ের শিকার হয়।

বিভিন্ন দেশে এক ঘণ্টার মধ্যেই এ সমস্যা ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে বলে জানিয়েছে প্রযুক্তি সেবার ত্রুটি শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর।

ডাউনডিটেক্টর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি মানচিত্রে দেখিয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার কয়েকটি অঞ্চলের ব্যবহারকারীরাও এ সমস্যায় পড়েছেন।

শুরুতে মাইক্রোসফট জানায়, আমেরিকা অঞ্চলে সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগগুলো তারা খতিয়ে দেখছে।

পরে প্রতিষ্ঠানটি নিশ্চিত করে, সমস্যাটি সম্ভবত বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীদের মাইক্রোসফট ৩৬৫ সেবা ব্যবহারে প্রভাব ফেলেছে।

মাইক্রোসফট ৩৬৫ হলো প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক সাবস্ক্রিপশন সেবা। এর আওতায় আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর কয়েকটি অংশে একাধিক অঞ্চলে ব্যবহারকারীর চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। এ কারণেই সংযোগ স্থাপনে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সমস্যার প্রভাব কমাতে সম্ভাব্য সব উপায়ে জোরালোভাবে কাজ চলছে।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে নতুন কোনো প্রযুক্তিগত পরিবর্তন বা আপডেট চালু রাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি সমস্যায় পড়া সার্ভারগুলো থেকে ব্যবহারকারীদের ইন্টারনেট ট্রাফিক অন্য সার্ভারে সরিয়ে নেওয়া হচ্ছে। সেবা স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় চালু করার উদ্যোগও নেওয়া হয়েছে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানান।

পরে অভিযোগের সংখ্যা কমতে শুরু করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩৭ হাজার ব্যবহারকারী আউটলুকের সমস্যার কথা জানান।

এ ছাড়া টিমস ও কোপাইলট ব্যবহারেও হাজারো মানুষ সমস্যার কথা জানিয়েছেন বলে ডাউনডিটেক্টর জানিয়েছে।

বিপর্যয় কয়েক ঘণ্টা ধরে চলতে থাকায় মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একের পর এক হালনাগাদ তথ্য প্রকাশ করে। এসব বার্তায় সেবা পুরোপুরি স্বাভাবিক করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানানো হলেও শুরুতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানাতে পারেনি প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো থেকে ব্যবহারকারীদের সংযোগ অন্য সার্ভারে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে সেবার কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সার্ভারের সক্ষমতা ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে স্বাভাবিক সেবা ফিরে পেতে পারেন। এ ক্ষেত্রে তাদের ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সার্ভারের সঙ্গে সংযুক্ত হলে সেবা স্বাভাবিক হতে শুরু করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 15 =