মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার অনিশ্চয়তায় মধ্যে দেশে ফিরলেন মুশফিক

সৌদি আরবে উমরাহ পালন করতে গিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে অনিশ্চয়তায় পড়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। কয়েক দিন ধরে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও অবশেষে আজ সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার চোখেমুখে টানা উৎকণ্ঠার ছাপ স্পষ্ট ছিল, যা সাম্প্রতিক অনিশ্চয়তার অভিজ্ঞতাকেই যেন প্রতিফলিত করছিল।

উমরাহ শেষে গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল মুশফিকের। পরিকল্পনা অনুযায়ী তিনি জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়। ফলে হাজারো যাত্রীর সঙ্গে তিনিও জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

এই পরিস্থিতিতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একাধিক পোস্ট দিয়ে ভক্ত-সমর্থকদের আপডেট জানান তিনি। এক পোস্টে তিনি লিখেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং কবে, কীভাবে দেশে ফিরতে পারবেন তা অনিশ্চিত। তার এই বার্তার পর দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভক্ত-সমর্থকদের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও শুরু হয় উৎকণ্ঠা।

দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে মনিটর করার কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, মুশফিকের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দ্রুতই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই তারকা ক্রিকেটার। প্রতিমন্ত্রী আরও জানান, মুশফিক সুস্থ ও নিরাপদ আছেন।

রোববার দিবাগত রাতে মুশফিক আবারও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান, তিনি নিরাপদে বিমানে উঠেছেন এবং সকালে ঢাকায় পৌঁছাবেন। যারা গত ২৪ ঘণ্টায় নিয়মিত যোগাযোগ করেছেন ও দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =