মার্কিন হামলায় খার্গ দ্বীপের তেল স্থাপনায় কোনো ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম । এএফপি। খবর বাসস

দ্বীপের সূত্রের বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন হামলার পরও সেখানে তেল স্থাপনা অক্ষত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কেবল সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তেহরান কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা অব্যাহত রাখে, তাহলে খার্গ দ্বীপের তেল অবকাঠামোকে লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে।

এর জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের তেল স্থাপনায় হামলা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল অবকাঠামোর ওপর পাল্টা আঘাত হানা হবে।

ফার্স নিউজ জানায়, মার্কিন হামলায় মূলত দ্বীপের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করা হয়। এর মধ্যে ছিল সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশান নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ও ইরান কন্টিনেন্টাল শেলফ অয়েল কোম্পানির হেলিকপ্টার হ্যাঙ্গার।

খার্গ দ্বীপ ইরানের অর্থনীতির মেরুদণ্ড। দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত একটি ছোট দ্বীপ। এই দ্বীপের মাধ্যমে ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশ পরিচালিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 4 =