লাল সবুজ সোসাইটির ‘ইয়ুথ মিডিয়া ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন

তরুণ প্রজন্মের সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় লাল সবুজ সোসাইটি আয়োজন করেছে তিন দিনব্যাপী আবাসিক বুটক্যাম্প ‘ইয়ুথ মিডিয়া ক্যাম্প ফর ডিজিটাল ডেমোক্রেসি’। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে আধুনিক সাংবাদিকতার নৈতিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল অ্যাডভোকেসির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বুটক্যাম্পের প্রথম দিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম ‘মেটা লার্নিং’ বিষয়ক সেশনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। তিনি কনটেন্ট আইডিয়া জেনারেশন এবং ‘চার্নালিজম’ (Churnalism) রোধে নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

প্রথম আলো’র সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হোসাইন আল ফারাবী মিডিয়া লিটারেসি ও অডিয়েন্স এনগেজমেন্ট নিয়ে আলোচনা করেন, যেখানে অংশগ্রহণকারীরা দর্শক-শ্রোতাদের মনস্তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে ইস্যু শনাক্ত করার কৌশল শিখেন। এছাড়া ইউএনডিপি’র হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম ডিজিটাল অ্যাডভোকেসি ও স্টোরিটেলিং নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন।

দ্বিতীয় দিনে ঢাকা পোস্ট-এর হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান মোবাইল জার্নালিজম এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারীরা মাত্র এক ঘণ্টার মধ্যে পাঁচটি ভিডিও প্রোডাকশন তৈরি করে জমা দেন।

এরপর দৈনিক যুগান্তর-এর ইনচার্জ অমিত ইসলাম রবিন সংবাদের কনটেন্ট সিলেকশন পদ্ধতি এবং সঠিক উচ্চারণ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। দিনশেষে অংশগ্রহণকারীরা আগামী তিন মাসের জন্য নিজস্ব কনটেন্ট পরিকল্পনা প্রণয়ন করেন।

তৃতীয় দিনে ‘মেক এ টিম’ এর ফাউন্ডার আমির হামজা মানবাধিকার, সুশাসন এবং গণতান্ত্রিক কাঠামো নিয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। একটি কেস স্টাডি সমাধানের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী সমস্যার কার্যকর সমাধান শেখার সুযোগ পান।

লাল সবুজ সোসাইটির এই আয়োজনের মূল লক্ষ্য ছিল এমন একদল দক্ষ সংবাদকর্মী তৈরি করা, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। তিন দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শেয়ার করার মাধ্যমে বুটক্যাম্পের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =