ঢাকা, ২৩ জুলাই ২০২৬ – শেষ ম্যাচে পরাজয়ের তিক্ততা থাকলেও নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী দল।
রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নেপালের কাছে ২৫-২১ পয়েন্টে হারে স্বাগতিকরা। তবে আগের চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পাওয়ায় সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। এই জয়ে সফরকারীরা ব্যবধান ৩-২-এ নামিয়ে আনলেও ট্রফি ওঠে বাংলাদেশের হাতেই।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে ১২-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়াই চালিয়ে যায় উভয় দল। একসময় স্কোরলাইন ১৭-১৭ সমতায় পৌঁছায়।

উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাংলাদেশের মেবি চাকমা দারুণ এক সুপার রেইড করে তিন পয়েন্ট এনে দিলেও শেষ দিকে ঘুরে দাঁড়ায় নেপাল। দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে বাংলাদেশকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সফরকারীরা। শেষ পর্যন্ত ২৫-২১ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচে হারলেও সিরিজ জয়ের আনন্দে ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।
পঞ্চম ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো সিরিজে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিআইজি উসমান গনি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং বিদায়ী সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।