শেষ ষোলোতে কঠিন চ্যালেঞ্জে কানাডা, ফেবারিট মরক্কো

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে শনিবার শক্তিশালী মরক্কোর মুখোমুখি হবে স্বাগতিক দেশ কানাডা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে নতুন ইতিহাস গড়া কানাডার সামনে এবার সবচেয়ে কঠিন পরীক্ষার অপেক্ষা করছে। বাংলাদেশ সময় আজ রাত ১১ টায় শুরু হবে এই ম্যাচ।

সহ-আয়োজক কানাডা এবারের বিশ্বকাপে একের পর এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন, প্রথম জয় এবং প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার পর শেষ ৩২-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। তবে এবার তাদের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, যারা এবারের আসরেও দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে।

গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করার পর নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে নকআউটে ওঠে মরক্কো। এছাড়া স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও জয় তুলে নেয় উত্তর আফ্রিকার দলটি। টুর্নামেন্টজুড়ে সংগঠিত রক্ষণ, দ্রুতগতির আক্রমণ এবং অভিজ্ঞতার সমন্বয়ে নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে ‘আটলাস লায়ন্স’।

অন্যদিকে, কানাডার যাত্রা তুলনামূলক সহজ হলেও মরক্কোর বিপক্ষে তাদের সামর্থ্যের প্রকৃত পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাগতিক সমর্থকদের সমর্থন এবং লড়াকু মানসিকতা কানাডার বড় শক্তি হলেও অভিজ্ঞতা ও মানের বিচারে এগিয়ে রয়েছে মরক্কো।

কানাডার বড় দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে গোল করার সুযোগ নষ্ট করার প্রবণতাকে। কাতারের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় ছাড়া বাকি ম্যাচগুলোতে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলটি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সহজ সুযোগ নষ্ট করা দলগুলোর অন্যতম কানাডা।

অন্যদিকে, মরক্কোর আক্রমণভাগ রয়েছে দুর্দান্ত ছন্দে। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে দলটি আরও আক্রমণাত্মক ফুটবল খেলছে। বায়ার্ন মিউনিখে সদ্য যোগ দেওয়া ইসমাইল সাইবারি ইতোমধ্যে টুর্নামেন্টে তিনটি গোল করেছেন। পাশাপাশি রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজও দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশ্লেষকদের মতে, কানাডা শেষ পর্যন্ত কঠিন লড়াই উপহার দিলেও মরক্কোর অভিজ্ঞতা, আক্রমণভাগের ধার এবং নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতাই পার্থক্য গড়ে দিতে পারে। তাদের পূর্বাভাস, ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জিতবে মরক্কো।

বাংলাদেশ সময়: রাত ১১টা

ভেন্যু: যুক্তরাষ্ট্রের হিউস্টন

সরাসরি সম্প্রচার: বিটিভি, টি-স্পোটস ও সময় টিভি

সূত্র: Sports Illustrated

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − 14 =