সাইমন হারমারের ঘূর্ণি বলে বিপর্যস্ত বাংলাদেশ হারলো জোহানেসবার্গ টেস্ট

প্রথম ইনিংসে নির্বিষ বোলিংয়ে  বিশাল ১৫৭ রান পিছিয়ে পরে পরাজয়ের পটভূমি রচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে রাবাদার প্রাথমিক আঘাতের পর ক্ষয়িষ্ণু উইকেটে অফ স্পিনার সাইমন হারমারের ঘূর্ণি বলে বিপর্যস্ত বাংলাদেশ কোন ক্রমে ইনিংস পরাজয় এড়ালেও ৯ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত হয়েছে। জয়ী দক্ষিণ আফ্রিকা পৌঁছে গাছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পর্বের শীর্ষ স্থানে। অথচ টস জয় করে ব্যাটিং করার সাহসী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ তাওহীদ হৃদয় (১৩৭), লিটন দাস (১২০), তানজিদ তামিম ( ৬৭) ব্যাটিং নৈপুণ্যে ৪০০ রান করে স্বস্তিতে ছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনশেষে ৩৮৬/৭ উইকেট হারানোর পরেও ম্যাচে টিকে ছিল। কিন্তু চতুর্থ দিন সকালে বাংলাদেশের এলোমেলো বোলিং তুলোধুনো করে রায়ান রিকেলটন (১০২), কাগিসো রাবাদা (৭২) আর টেম্বা বাভুমা (৬৮*) দলকে পৌঁছে দেয় ৫৫৭ রানের পাহাড় চূড়ায়। প্রথম ইনিংসে ১৫৭ পিছিয়ে পড়া বাংলাদেশ পারেনি লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে। চতুর্থ দিন আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার সময় ১০০/৫ অবস্থানে থাকা বাংলাদেশের ভাগ্য লিপি লেখা হয়ে গিয়েছিল। কেউ কেউ অবশ্য আশায় বুক বেঁধেছিলো মুশফিক, লিটন, মিরাজ ত্রাতা হয়ে উঠতে পারে। কিন্তু ক্ষয়িষ্ণু উইকেটে কৃতি অফস্পিনার সাইমন হার্মারের রুদ্র মূর্তির সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তবু কিছুটা মুখ রক্ষা হয়েছে অন্তত ইনিংস পরাজয়ের লজ্জা এড়ানো।বাংলাদেশ ইনিংস ১৬৮ রানে শেষ হওয়ায় ১১ রানের লিড পেয়েছিলো। ১২ রান করে জয় পেতেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে ফেলে মারকুইস আকারমানকে। পেতে পারতো এইডেন মারকরামের উইকেটিও। এবাদতের বলটি নো বল থাকায় বোল্ড বয়েও বেঁচে যায় মারকরাম। ১.৩ ওভারেই ১২ রান করে ৯ উইকেটের বিশাল জয় পেল দক্ষিণ আফ্রিকা। আর এই বিশাল পরাজয়ের পরেও বাংলাদেশ একটি রেকর্ডের অংশীদার হয়। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৩১৩ রানের বেশি করে এই প্রথম হারল কোনো দল। আগেই লিখেছি প্রথম ইনিংসে বাংলাদেশ চারশ রান করার পর ভালো একটা লড়াইয়ের প্রত্যাশা ছিল। কিন্তু হাসান ছাড়া বাকি বোলাররা বেশির ভাগ সময়ই নিষ্প্রভ থেকেছেন। দক্ষিণ আফ্রিকার লেজের ব্যাটসম্যানদেরও আউট করা যায়নি দ্রুত। এছাড়া বাংলাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরতে পারলে ম্যাচের ফলাফল হয়ত ভিন্ন হতো। লিটন এই টেস্টে ৮ শিকার (৬ ক্যাচ এবং দুই স্টাম্পিং করে) ধরে বিশ্ব রেকর্ড করলেও ১০২ রান করে দক্ষিণ আফ্রিকার ইনিংস বাংলাদেশের আয়ত্তের বাইরে নিয়ে যাওয়া রায়ান রিকেলটনের ক্যাচ ০ রানে ধরতে ব্যর্থ হয়েছিল। ওর যখন ৩০ রান ক্যাচ ফেলেছিলো টেস্টে অভিষিক্ত মাহ্ফিজুল রবিন।

ব্যাটিং, বোলিং ফিল্ডিং সকল কিছুতেই অধিকতর যোগ্যতার পরিচয় দিয়ে শ্রেয়তর দল হিসাবেই দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পৌঁছে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে। ওদিকে নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে চলছে ভারত-নিউ জিল্যান্ড গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এই সিরিজের বিজয়ী দল এগিয়ে থাকবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার তালিকায়। অবশ্য এরপর আছে অস্ট্রেলিয়া-নিউ জিলান্ড এবং ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।

বাংলাদেশ হতাশাজনক ভাবে বিপুল ব্যাবধানে হেরে গেলেও অর্জনের পাল্লাটাও কম না। এই প্রথম কোন দেশ জোহানেসবার্গ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে ৪০০ রান করেছে। আর সেটি হয়েছে ৫/১২১ কোনঠাসা অবস্থান থেকে তাওহীদ হৃদয় (১৩৭) আর লিটন (১২০) ষষ্ট উইকেট জুটির অনবদ্ধ ২০৬ রানের নতুন মাইলফলক জুটির অবদানে। দক্ষিণ আফ্রিকা ইনিংসে উইকেট কিপার লিটনের ৮ শিকারের বিশ্ব রেকর্ড অর্জন বিশেষ ভাবে স্মরণীয় থাকবে। বাংলাদেশ অনুভব করতে পেরেছে চার বোলার নিয়ে দক্ষিণ আফ্রিকার মত বিশ্বসেরা দলের বিরুদ্ধে খেলার ঝুঁকি নেওয়া কিভাবে বুমেরাং হয়েছে। মূল স্ট্রাইক বোলার হাসান মাহমুদের জন্য ওয়ার্ক লোড অত্যাধিক ছিল। ওর পাশে কেউ দাঁড়াতে পারলে হয়ত বাংলাদেশ আরো শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারতো। একজন ব্যাটসম্যান কম নিয়ে হলেও বাংলাদেশ শরিফুলকে দলে নেওয়া উচিত ছিল। নিদারুন ফর্মহীন থাকা মোমিনুল দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে। টেনিস এলবো কারণে হাসান মাহমুদ সিরিজ থেকে ছিটকে পড়েছে। নাহিদ রানার দ্বিতীয় মূল পেসার এভাবে ছিটকে পড়া টিম মানাজেমেন্টের ভুল পরিকল্পনার পরিণতি।

আমি দক্ষিণ আফ্রিকার ম্যাচ কৌশলের কৃতিত্ব দিবো। এমনিতেই কিছু দিন আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়া প্রোটিয়া বাহিনী ছিলো ফর্মের তুঙ্গে। বাংলাদেশের আদৌ হালকা ভাবে নেয়নি। চার মূল ধারার পেসার আর ফর্মে থাকা অফ স্পিনার নিয়ে তুখোড় আক্রমণ গড়েছিল। প্রথম ইনিংসে ক্যাগিসো রাবাদার আগ্রাসী আক্রমণে বাংলাদেশ ১২১/৫ কোনঠাসা হওয়ার পর যখন হৃদয় লিটন বীরত্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ফোকাস হারায়নি প্রোটিয়া বাহিনী। দ্বিতীয় সকালে ঠিকমতো ঘুরে দাঁড়ায় প্রথম দিন অনুজ্জ্বল থাকা ডান প্যাটারসন। বাংলাদেশের ইনিংস ৪০০ রানে সীমিত থাকায় ধরা ছোয়ার বাইরে চলে যায়নি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় উইকেট জুটিতে আকারমান (১৫৭) আর জুবায়ের হামজা দ্বিতীয় উইকেট জুটিতে ২০২ রান জুড়ে দিয়ে শক্ত ভীত রচনা করে। তাসকিন,হাসান মাহমুদ কিছুটা চাপ সৃষ্টি করলেও রায়ান রিকেলটন (১০২) কাগিসো রাবাদা (৭২) ৮ম উইকেট জুটি ১১৭ রান যোগ করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। বিশেষ করে আমি ফাস্ট বোলার রাবাদার সাহসী ব্যাটিংকে বাহবা দিবো।

এমনিতেই ঐতিহ্যগত ভাবে চতুর্থ এবং পঞ্চম দিনে ওয়ান্ডারার্স উইকেটে ব্যাট করা চ্যালেঞ্জিং। তবু চাপের মুখে যেভাবে বাংলাদেশ ব্যাটিং বিশেষ করে তামিম, মোমিনুল, শান্ত ভেঙে পড়েছে সেটি উদ্বেগের। লড়াই করতে চেষ্টা করেছে নবীন রবিন। চেষ্টা করেও সফল হয়নি হৃদয় ( ২৩), লিটন (৩৯), মুশফিক (২২)। চতুর্থ দিন শেষে ১০০/৫ পঞ্চম দিনে মহাকব্যিক কিছু করবে ভরসা ছিল না। কিন্তু লিটন, মুশফিক, মিরাজ লড়াই করবে ভেবেছিলাম। কিন্তু ভঙ্গুর উইকেটে অসম বাউন্সের সুযোগ নিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠে সাইমন হার্মার। ৫১ রানে ৬ উইকেট নিয়ে দলকে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে জয়ে মূল ভূমিকা পালন করে।

বাংলাদেশকে একাদশ নির্বাচনে ভুল করলে চলবে না। অবশ্য বিকল্প খুব একটা নেই. হাসান মাহমুদের স্থানে অবশ্যই আসবে শরিফুল। আমি জানিনা খালেদ স্কোয়াডে আছে কিনা অথবা ওকে একাদশে  নিয়ে চার পেসার নিয়ে আক্রমণ সাজানোর সুযোগ আছে কিনা। একজন ব্যাটসম্যান কমিয়ে হলেও আমি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের একাদশ সাজানোর পরামর্শ দিবো। আমি মমিনুলকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিবো।  মুশফিক এখনো দলের ব্যাটিংয়ের জন্য অপরিহার্য।

বাংলাদেশের এখন আর হারানোর কিছু নেই। প্রথম টেস্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে লড়াই করেই নিজেদের যতটুকু অর্জনের চেষ্টা করতে হবে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০০ অল আউট  (তাওহীদ হৃদয় ১৩৭, লিটন কুমার দাস ১২০, তানজিদ হাসান তামিম ৬৭, মাহফিজুল ইসলাম ০, মোমিনুল ইসলাম ০, মুশফিকুর রহিম ০, কাগিসো রাবাদা ৫/৭০, ডান প্যাটারসন ৯২)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৬৮ অল আউট (লিটন কুমার দাস ৩৯, মাহফিজুল ইসলাম ৩২, তাওহীদ হৃদয় ২৩, মুশফিকুর রহিম ২২, সাইমন হার্মার ৬/ ৫১, কাগিসো রাবাদা ৩/৪৮ )

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৫৫৭ অল আউট (মারকুইস আকারমান ১৫৭, রায়ান রিকেলটন ১০২, জুবায়ের হামজা ৮৩, কাগিসো রাবাদা ৭২, টেম্বা বাভুমা ৬৮*, হাসান মাহমুদ ৪/১১৮, তাসকিন আহমেদ ২/১২৪, মেহেদী মিরাজ ২/ ১৬৫)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ১২/১ (এইডেন মারকরাম ৮*, মেহেদী হাসান মিরাজ ১/ ১)

দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যাচের সেরা কাগিসো রাবাদা (৫/৭০, ৭২, ৩/৪৮)

ফলাফল যাই হোক টেস্ট ম্যাচটি লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় এমনকি হাসান মাহমুদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বসেরা দলের সঙ্গে লড়াই করে ধারাবাহিক সাফল্য পেতে হলে অনেক পরিকল্পনা করে একাদশ সাজাতে হয় শিক্ষা পেয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 5 =