সেমি ফাইনালে ব্ল্যাক ক্যাপস টর্নেডো প্রোটিয়াদের ‘চোকার’ বানালো

কলকাতা ইডেন গার্ডেনসে কালকের সেমি ফাইনালে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকাকে বিদ্ধস্ত করে ফাইনালে উন্নীত হলো দক্ষিণ গোলার্ধের প্রান্তিক দেশ নিউ জিল্যান্ড।  এমনটি যে হতে পারে সেটি কিন্তু ম্যাচের আগে অনেকেই অনুমান করতে পারেনি। বরং টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতে থাকা প্রোটিয়া বাহিনী  ছিল বাজির ঘোড়া। অথচ দুর্দান্ত খেলা ব্ল্যাক ক্যাপ্স বাহিনীর কাছে পাত্তাই পেল না।

‘চোকার’ অখ্যাতির দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৬৯/৮। কিউই পাখির দেশ নিউ জিল্যান্ডের ফিন আলেনের  (৩৩ বলে ৭ চার আর ২ ছক্কায় সাজানো অপরাজিত ১০০) ব্যাটিং তান্ডবে ৪৩ বল হাতে রেখে ১৭৩/১ করে ৯ উইকেটের বিশাল জয় পেল আমাদের তাসমান কাজিন নিউ জিল্যান্ড। অপেক্ষা ওদের ফাইনালে ভারত-ইংল্যান্ড আজ খেলা অপর সেমি ফাইনালে বিজয়ী দলের।

বেশ কিছুদিন ধরে সব ফরম্যাটে দুর্দান্ত খেলতে থাকা দক্ষিণ আফ্রিকা এভাবে সেমি ফাইনালে এসে ভেঙে পড়বে ক্রিকেটপ্রেমীরা ধারণা করেনি। জানিনা দেশে ফেরার জন্য ‘হোম সিক’ হয়ে পড়েছে কিনা প্রোটিয়ারা। কাল সূচনায় কোল মাকঞ্চির করা দ্বিতীয় ওভারে দক্ষিণ আফ্রিকার দুই বাম হাতি ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১০) আর রায়ান রিকেলটন (০) ধসে পড়ার পর দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রকা।

ব্ল্যাক ক্যাপসদের সবাই (হেনরী, ফার্গুসন, মাকঞ্জি, রাভিন্দ্রা) কিপ্টে বোলিং করে প্রোটিয়াদের ৫/৭৭ কোনঠাসা করে ফেলে। ব্রেভিস ৩৪, ট্রিস্টান স্তাব ২৯ এবং বিশেষ করে চৌকষ খেলোয়াড় মার্ক জানসেন ৩০ বলে অপরাজিত ৫৫ রান করে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৬৯/৮। সেমি ফাইনাল জয়ের জন্য এই সংগ্রহ আদৌ পর্যাপ্ত ছিল না। ষষ্ট উইকেটে স্তাব আর জানসেনের ৭৩ রানের জুটি ছাড়া উল্লেখ করার মত কোন জুটি ছিল না।

এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে প্রোটিয়া বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। এমনকি গ্রুপ অফ এইটের একটি খেলায় শক্তিশালী ভারত দলকেও গুঁড়িয়ে দিয়েছিল। কাল কিন্তু কলকাতার ইডেনের উইকেটে ব্ল্যাক ক্যাপসদের উদ্বোধনী জুটি ফিন আলেন (১০০*) আর টিম স্নেইফারটের (৫৮) টর্নেডো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলে।

প্রথম উইকেট জুটিতে ৯.১ ওভারেই ১১৭ সংগ্রহের পর ব্লাক ক্যাপসদের ১৭৩/১ জয় অনায়‍াসে এসে যায়। চিরদিনের চোকার দক্ষিণ আফ্রিকার ললাটে আরো একবার চোকার বিশেষণ লেগে যায়। একমাত্র অপরাজিত দল সেমি ফাইনালে বিপর্যস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ফাইনালে ভারত অথবা ইংল্যান্ড দলের বিরুদ্ধে নিউ জিল্যান্ড কিউই পাখির মত মাটিতেই থাকবে কিনা সেটি দেখতে আজকের অপর সেমি ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল আলেনের ৩৩ বলে ১০ চার আর ৫ ছক্কায় সাজানো ১০০* রানের ইনিংস ছিল এক কথায় বিস্ফোরক। বলছি না নিউ জিল্যান্ড সহজ দল। তবে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে হলে তাসমান সাগর পরের দক্ষিণ মেরুর দেশটিকে চৌকষ ক্রিকেট উপহার দিতে হবে।

সংক্ষিপ্ত স্কোর কার্ড

দক্ষিণ আফ্রিকা ১৬৯/৮ (মার্কো জেনসেন ৫৫*, দেওয়াল্ড ব্রেভিস ৩৪, ত্রিস্তান স্তাব ২৯। কোল মাকঞ্জি ২/৯, রাচীন রাভিন্দ্রা ২/২৯, মাট হেনরী ২/৩৪)

নিউ জিল্যান্ড ১৭৩/১ (ফিন অ্যালেন ১০০*, টিম স্নেইফার্ট ৫৮। রাবাদা ১/ ২৮ )

নিউ জিল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যাচের সেরা খেলোয়াড়: ফিন অ্যালেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =