‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে । ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে।
পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮ টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেয়ার পর শুধু বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত- এই ১৮ টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েবসাইট www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd তে।