৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু আজ

রিমন মাহফুজ

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আয়োজন আজ মঙ্গলবার (১২ মে) ফ্রান্সের উপকূলীয় শহর কান-এ শুরু হচ্ছে। আগামী ২৩ মে পর্যন্ত চলা এ উৎসবকে ঘিরে এরই মধ্যে জমে উঠেছে ভূমধ্যসাগর তীরের ছোট্ট এই শহর। বিশ্বের নামকরা নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কান এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক সিনেমার প্রাণকেন্দ্রে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কান শহরের ঐতিহ্যবাহী ‘পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আসরে মোট ২২টি চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে। প্রতিটি ছবিই নিজের ভেতরে বহন করছে আলদা আলাদা গল্প, সংস্কৃতি আর নির্মাণশৈলী। এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকেই কোনো একটির হাতে উঠবে উৎসবের সর্বোচ্চ সম্মান পাম দ’র।

গত বছর উৎসবের জুরি সদস্য ছিলেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। কান নিয়ে তার অনুভূতি ছিল এমন-এখানে আলো নিভে গেলে মনে হয় আমি আবার ছোট্ট শিশু হয়ে যাই, নতুন এক জগতে প্রবেশ করছি।” সেই আবেগঘন অনুভূতিরই যেন পুনর্জাগরণ ঘটছে এবারের আসরেও।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি অভিনেত্রী আই আয়দারা। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে নির্মাতা পিয়ের সালভাদোরির ‘লা ভেন্যুস এলেক্ত্রিক’ (দ্য ইলেকট্রিক কিস)। ১৯২০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই রোমান্টিক কমেডি এক শোকাহত চিত্রশিল্পীর জীবনে হারানো ভালোবাসা ফিরে পাওয়ার গল্প বলে। এতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস দেমুস্তিয়ে এবং জিল লেলুশ।

এবারের আসরে বিশেষ সম্মাননা পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন। বিশ্ব সিনেমায় তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হবে অনারারি পাম দ’র। অন্যদিকে সমাপনী আয়োজনে সম্মানিত করা হবে অস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা বারব্রা স্ট্রেইস্যান্ডকে।

উৎসবের সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তনগুলোর একটি রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনৎসেভের। ‘লেভিয়াথান’ ও ‘লাভলেস’-খ্যাত এই নির্মাতা গুরুতর কোভিডে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরবর্তীতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশ ছাড়েন তিনি। ২০১৭ সালের পর এবারই প্রথম তিনি ফিরছেন নতুন সিনেমা ‘মিনোটর’ নিয়ে। ছবিটি রাশিয়ার উচ্চবিত্ত সমাজ ও যুদ্ধকালীন সামরিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এছাড়া নির্মাতা স্টিভেন সোডারবার্গ এবার নিয়ে এসেছেন আলোচিত প্রামাণ্যচিত্র ‘জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ’। বিটলস কিংবদন্তি জন লেননের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ধারণ করা অডিও সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রে আর্কাইভ ফুটেজের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর দৃশ্য ব্যবহার করা হয়েছে, যা ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + seven =