ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান সময়ের অন্যতম ফেভারিট ফ্রান্স ও চমক জাগানো প্যারাগুয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামছে আত্মবিশ্বাস নিয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৩ টায়।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ১৩ গোল করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা।

অন্যদিকে, প্যারাগুয়ে আত্মবিশ্বাসী জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। সেই ঐতিহাসিক জয়ের পর দেশটিতে জাতীয় ছুটিও ঘোষণা করা হয়। দলটির অন্যতম ভরসা হুলিও এনসিসো বিশ্বাস করেন, নিজেদের খেলার ধরন দিয়ে তারা যে কোনো প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে সক্ষম।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম অবশ্য প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন। তার মতে, জার্মানির মতো দলকে বিদায় দেওয়া প্যারাগুয়ে কাকতালীয়ভাবে এখানে আসেনি। দক্ষিণ আমেরিকার দলগুলোর লড়াকু মানসিকতা সম্পর্কে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি।

পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দলের পাঁচ দেখায় তিনটিতে জিতেছে ফরাসিরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ২০১৭ সালে সর্বশেষ সাক্ষাতে প্যারাগুয়েকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। এছাড়া অপ্টার সুপারকম্পিউটারও নির্ধারিত সময়ে ফ্রান্সের জয়ের সম্ভাবনা প্রায় ৭৯ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে।
তবে ম্যাচে আবহাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিলাডেলফিয়ায় প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে, যা দুই দলের খেলোয়াড়দের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে কাগজে-কলমে এগিয়ে থাকলেও, জার্মানিকে বিদায় দেওয়া প্যারাগুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ফ্রান্সের। এমবাপ্পের নেতৃত্বে ফরাসিরা কোয়ার্টার ফাইনালের পথে আরেক ধাপ এগোতে চাইলেও, নতুন আরেকটি অঘটনের স্বপ্ন দেখছে প্যারাগুয়ে।