আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঢাকা, ৩০ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা সত্ত্বেও আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন মূল্য অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হবে। জুলাই মাসেও একই দাম বহাল ছিল।

এর আগে সর্বশেষ ৩১ মে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। তখন ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। এরও আগে ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকায় উন্নীত করা হয়।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সাম্প্রতিক সময়ে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭২ মার্কিন ডলার থাকলেও তা একপর্যায়ে ১১৫ ডলারে পৌঁছে যায়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ দাম ছিল ২০২২ সালের ৮ মার্চ, যখন ব্রেন্ট ক্রুডের মূল্য ১৩৭.৬৪ ডলার ছাড়িয়ে যায়। অন্যদিকে, করোনাভাইরাস মহামারির সময় ২০২১ সালের ৪ জানুয়ারি এর দাম নেমে এসেছিল ৫০.৩৩ ডলার প্রতি ব্যারেলে।

বাংলাদেশে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা’ কার্যকর করা হয়। এ ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। নির্দেশিকা অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কমিশন অপরিবর্তিত থাকে; কেবল আমদানি মূল্যের পরিবর্তনের ভিত্তিতে খুচরা মূল্য সমন্বয় করা হয়।

তবে আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও দেশের বাজারে সেই হারে মূল্য হ্রাস করা হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির একটি অংশ সমন্বয়ের চেষ্টা চলছে। আন্তর্জাতিক বাজারে মূল্য নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশীয় বাজারে দাম পুনর্বিবেচনা করা হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 12 =