আন্তর্জাতিক বাজারে দর কমায় ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫৭ টাকা

ঢাকা, ২ জুলাই: আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটারে কমানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং সব লাইসেন্সপ্রাপ্ত এলপিজি বিপণনকারী প্রতিষ্ঠানের জন্য তা বাধ্যতামূলক।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৮৮৫ টাকা থেকে কমে ১,৫২৮ টাকা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের খুচরা মূল্য প্রতি লিটার ৮৬.৯৩ টাকা থেকে কমিয়ে ৭০.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) এবং ফ্রেইট চার্জ কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। পরে জুন মাসে দাম কিছুটা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ঘোষণায় গ্রাহকরা আরও বড় ধরনের মূল্যছাড় পেলেন।

গত কয়েক মাস ধরে এলপিজি বাজারে মূল্য অস্থিরতা ও সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ রয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগও বিভিন্ন সময়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সরকার আমদানি সীমা বৃদ্ধি, কর ছাড়, এলসি সুবিধা এবং ফ্রেইট চার্জ সমন্বয়সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়ে গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল থেকে বিইআরসি প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণ শুরু করে। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে সৌদি কনট্রাক্ট প্রাইসের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে কমিশন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 7 =