আলজেরিয়াকে হারিয়ে ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি। ব্রিল এমবোলো ও ড্যান এনদোয়ের গোলে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইসরা।

১৯৩৮ সালে জার্মানিকে হারানোর পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল সুইজারল্যান্ড। পাশাপাশি ১৯৫৪ সালের বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৭-৫ গোলের জয়ের পর এবারই প্রথম নকআউট ম্যাচে একাধিক গোল করল তারা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে সুইস দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। বিপরীতে আলজেরিয়া মাঝে মাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও সুসংগঠিত সুইস রক্ষণ ভাঙতে পারেনি।

১০তম মিনিটেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। জোহান মানজাম্বির নিখুঁত পাস থেকে ছয় গজ বক্সের ভেতর থেকে সহজ ফিনিশিংয়ে গোল করেন ব্রিল এমবোলো। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সুইসরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে দ্বিতীয় গোল। ৪৬তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে আলজেরিয়ার জালে বল পাঠান ড্যান এনদোয়ে। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে সুইজারল্যান্ড।

আলজেরিয়া ব্যবধান কমানোর মতো তেমন কোনো কার্যকর সুযোগ সৃষ্টি করতে পারেনি। অন্যদিকে ৮১তম মিনিটে ফাঁকা গোলবার পেয়েও অবিশ্বাস্যভাবে সুযোগ নষ্ট করেন সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান রিডার। গোলটি হলে ব্যবধান আরও বড় হতে পারত।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৭ জুলাই ভ্যাঙ্কুভারে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। দারুণ ছন্দে থাকা সুইসরা এবার আরও দূর যাওয়ার স্বপ্ন দেখছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 3 =