উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন সার্জিও গোর

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আজ শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। পাশাপাশি সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সফরকালে তারা রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এছাড়া বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

এর আগে, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। তিন দিনের সফরের শেষ দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সার্জিও গোরের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 3 =