কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশের ক্রিকেট

আগামীকাল ১৫ নভেম্বর ২০২৬ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে  ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হওয়া টেস্ট ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের পরম কাঙ্ক্ষিত ক্রিকেট সফর। সিরিজের  দ্বিতীয় টেস্ট হবে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে। এই সফরে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই টেস্ট এবং এরপর তিন ওডিআই এবং তিন টি২০ ম্যাচ খেলবে।

কিছু দিন আগে বাংলাদেশ আস্ট্রেলিয়া সফরে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় অর্জন করে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছিল। কিন্তু পরের টেস্টেই বাংলাদেশের শোচনীয় পরাজয় এবং সম্প্রতি নিজেদের দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দ পতন বাংলাদেশ ক্রিকেটকে আত্মজিজ্ঞাসার মুখোমুখী দাঁড় করিয়েছে।

অন্যদিকে বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন আর সম্প্রতি শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে টেস্ট সিরিজে গুঁড়িয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকা আছে ফর্মের তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার উইকেটগুলো অধিকাংশ পেসি বাউন্সি।  আর দক্ষিণ আফ্রিকানদের আছে এক ঝাঁক দুর্দান্ত পেস বোলার। বলছি না বাংলাদেশের সামর্থ্য নেই ভালো খেলে চমক জাগানোর। কিন্তু সাফল্য ক্ষুধার্থ প্রোটিয়া ইউনিটের সঙ্গে বাংলাদেশকে দারুন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলাই বাহুল্য।

সফরে বাংলাদেশ তিনটি ওডিআই খেলবে। সবার হয়ত স্মরণে আছে ২০২৭ ওডিআই বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার। সেই কারণে ওডিআই সিরিজটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করবে। তার পর থাকবে টি২০ সিরিজ।  নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা সফর সকল ফরম্যাটে বাংলাদেশকে দারুন পরীক্ষার মুখে ফেলবে।

দুই দেশের টেস্ট স্কোয়াড দেখলেই প্রতিদ্বন্দ্বিতার স্বরূপ উপলব্ধি করা যাবে।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকুইস আকারমান, ম্যাথিউ ব্রিটজে, করবিন বছ, টনি ডি জোরজি, সাইমন হার্মার, জুভাভি হামজা, এইডেন  মারকরাম,  মার্কো জেনসেন, কেশভ মহারাজ,  উইয়ান মুল্ডার, এনরিক নোকিয়া, ডান প্যাটার্সন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শেখ মোহাম্মদ নাঈম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, মাহফিজুল ইসলাম রবিন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

স্কোয়াড থেকে দৃশ্যমান গতি এবং বাউন্সি উইকেটে ৫-৬ উঁচুমানের পেস বোলার সমৃদ্ধ আক্রমণ সমৃদ্ধ স্কোয়াড ঘোষণা করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং বিশেষত টপ এবং মিডেল অর্ডার নড়বড়ে আস্থাহীন থাকায় উইয়ান মুল্ডার, এনরিক নোকিয়া, ডান প্যাটার্সন, কাগিসো রাবাদা,  মার্কো জেনসেনকে  সামাল দিতে হিমশিম খেতে হবে। স্পিনার হিসাবে আছে সম্প্রতি অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করা সাইমন হার্মার আর পরীক্ষিত কেশব মহারাজ।

বাংলাদেশকে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তানজিদ তামিম, মোমিনুল, মুশফিক, শান্ত, লিটনকে দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলতে হবে। বাংলাদেশ এ দলের সঙ্গে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কৃতিত্বপূর্ণ ডাবল সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়ের দিকেও চেয়ে থাকবে বাংলাদেশ। নিয়মিত ৩৫০-৪০০ রান করতে না পারলে সিরিজে টিকতে পারবে না বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিশ্বসেরা বলবো না। তবে টেম্বা বাভুমা, এইডেন মারকরাম, টনি ডি জর্জি, রায়ান রিকেলটনকে নিয়ন্ত্রণে রাখতে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুলদের উইকেট পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। ওডিআই এবং টি ২০ সিরিজের পরে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হলে বাংলাদেশ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেতো।

একই ধরনের সফরে ভারত এখন নিউজিল্যান্ডে। তিন ফরম্যাটের বিশাল বহরকে আবহাওয়া এবং উইকেটেগুলোর সঙ্গে নিয়ে টি২০ এবং ওডিআই সিরিজ শেষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় অনেক গলদ আছে। তড়িঘড়ি করে স্বল্প প্রস্তুতি নিয়ে কঠিন টেস্ট সিরিজ খেলতে পাঠানো বাংলাদেশ থাকবে কঠিন পরীক্ষায়।  বাংলাদেশ অবশ্যই মিস করবে নাহিদ রানা এবং একজন সাকিব আল হাসানকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + 5 =