কেপ ভার্দে ইতিহাস সৃষ্টি করে উরুগুয়েকে রুখে দিলো

কেপ ভার্দে ২-উরুগুয়ে ২

আফ্রিকার সেনেগাল উপকূলে ক্ষুদ্র দ্বীপগুলো নিয়ে স্বল্প জনগোষ্ঠীর দেশ কেপ  ভার্দে। ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দেশের একটি হিসাবে হয়ত কেউ বিবেচনায় ধরেনি। যে দেশের জনসংখ্যা ঢাকার উত্তরা বা ধানমন্ডির থেকেও কম ওরাই এবারে প্রথম খেলায় বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট স্পেনকে ০-০ রুখে দেওয়ার পর আজ ১৯৩০ প্রথম বিশ্বকাপ আর ১৯৫০ বিশ্বকাপ জয়ী উরুগুয়ের সঙ্গে  ২-২ সমতায় খেলা শেষ করে ফুটবিশ্বকে বিস্মিত  করলো।

এই গ্রুপে সকালের ম্যাচে স্পেন সৌদি আরবকে ৪-০ গোলে ভাসিয়ে দেওয়ায় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে কেপ ভার্দের  দ্বিতীয় রাউন্ডে যাবার সুবর্ন সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ওদের খেলতে হবে সৌদি আরবের বিরুদ্ধে। অন্যদিকে উরুগুয়ে খেলবে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে। প্রথম খেলায় সৌদি আরবের সাথে ১-১ সমতায় শেষ করা উরুগুয়েকে পিছনে ফেলে আফ্রিকার ক্ষুদ্র দেশটি পরবর্তী রাউন্ডে উন্নীত হলে কুর্নিশ জানাবো।

ফ্রি কিক থেকে দৃষ্টি নন্দন গোল করে ইতিহাসে নাম লিখলো কেভিন পিনা

মায়ামি স্টেডিয়ামে ২১ মিনিটে কেপ ভার্দের কেভিন পিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে ৩০ গজ দূরত্বের ফ্রি-কিক থেকে গোল করলেন কেপ ভার্দের কেভিন পিনা। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া তৃতীয় ক্ষুদ্রতম দেশ তারা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেল কেপ ভার্দে।এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।১৯ বছর পর আবারও সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল দলটি।

উরুগুয়ের সমতা

খেলার ধারার বিপরীতে গোল হজম করে সমতার জন্য হন্যে হয়ে ওঠা উরুগুয়ে ৪৪ মিনিটে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতা অর্জন করে। বক্সে উড়ে আসা বলে হেড করার চেষ্টা করেছিল  দুই দলের দুই খেলোয়াড়। কেউই বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেনি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বলকে জালে পাঠায়  মাক্সিমিলিয়ানো আরাউহো ১-১।

উরুগুয়ের এগিয়ে যাওয়া

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারো গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করে উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও ২-১।  প্রথমার্ধ শেষে ১-২ গোলে পিছিয়ে ছিল কেপ ভার্দে।

কেপ ভার্দের সমতা

ম্যাচের এক  ঘণ্টা পার হওয়ার পর আবার সমতায় ফেরে কেপ ভার্দে। উরুগুয়ের রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা ২-২।  শেষ দিকে ম্যাচে গোল করে ম্যাচ জয়ের  অনেক চেষ্টা করেও উরুগুয়ে  জয়সূচক গোলটি আদায় করতে পারেনি ।

দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ স্পেনের পরে অবস্থান কেপ ভার্দের। স্বর্ণালী সুযোগ শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার। ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে ঢুকে পড়া দেশটির জন্য হবে সেটি বিশাল অর্জন।

খুদে দেশ কেপ ভার্দের বীরোচিত খেলা বাংলাদেশের মতো পিছিয়ে থাকা দেশগুলোর সামনে উদাহরণ হয়ে থাকবে। বিশ্বকাপের আগে খুব কম মানুষ জানত পৃথিবীতে কুরাসাও বা কেপ ভার্দের নাম। অথচ একটি বিশ্বকাপে বীরের মতো খেলেই পৃথিবীতে ওদের নাম উজ্জ্বল করলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × two =