গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালুরু

টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে আইপিএলের ১৯তম আসরে বিরাট কোহলির ব্যাটিং নৈপুন্যে ব্যাঙ্গালুরু ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে।

আইপিএলের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ব্যাঙ্গালুরু। এর আগে চেন্নাই সুপার কিংস ২০১০ ও মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জিতেছিল।

আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরু। ২৬ রানের মধ্যে দুই ইনফর্ম ওপেনারকে হারায় গুজরাট। সাই সুদর্শন ১২ ও অধিনায়ক শুভমান গিল ১০ রানে থামেন। এবারের আসরে গিল ৭৩২ এবং সুদর্শন ৭২২ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পর নিশান্ত সিন্ধু ২০ ও জশ বাটলার ১৯ রানে আউট হন। এতে ৭৩ রানে ৪ উইকেট হারায় গুজরাট। পাঁচ নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট। ৫টি চারে ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন সুন্দর। রাশিকা সালাম ৩টি উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২৭ বলে ৬২ রান তুলে ব্যাঙ্গালুরুকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ও কোহলি। ১৬ বলে ৩২ রান করে আইয়ার ফিরলেও, এক প্রান্ত আগলে ব্যাঙ্গালুরুকে জয়ের পথে রাখেন কোহলি। ২৫ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। আইপিএলের ইতিহাসে কোহলির এটিই দ্রুততম হাফ-সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ১৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন কোহলি। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে অনবদ্য ৭৫ রান করেন তিনি। এছাড়া টিম ডেভিড ২৪, অধিনায়ক রজত পাতিদার ১৫ ও জিতেশ শর্মা অপরাজিত ১১ রান করেন।

ফাইনালে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান কোহলি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৭৬ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 10 =