ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। রোববার মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। এটি ৬১ বছর বয়সী এই অভিনেতার তৃতীয় বিয়ে।

পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত নিবন্ধিত বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন। কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের পর প্রকাশিত ছবিতে দেখা যায়, আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাকে নবদম্পতি নতুন জীবনের সূচনা করেন।

বিয়ের আগেই আমির জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে একান্ত ব্যক্তিগত পরিসরে নিবন্ধিত বিয়েই তাদের পছন্দ। তিনি বলেছিলেন, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই এই বিশেষ দিনটি উদযাপন করতে চান তারা।

গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও কয়েক বছর আগে নতুন করে যোগাযোগের পর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন; তাদের এক ছেলে আজাদ। দুটি বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ হলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। নতুন জীবনের এই আয়োজনে তার সন্তানরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 1 =