চার মাস পর আবার চালু ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বিমানের সরাসরি ফ্লাইট

ঢাকা, ৫ জুলাই: চার মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেট অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। খবর বাসস

পুনরায় চালু হওয়া প্রথম ফ্লাইট বিজি-২০৮ স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রথম ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ম্যানচেস্টার বিমানবন্দরেও ফ্লাইট পুনরায় চালুর উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুসহ বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকার জানিয়েছে, যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুটটি পুনরায় চালু করা হয়েছে। প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে প্রতি মঙ্গলবার ও শনিবার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ্য, সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ হজ ফ্লাইটে ব্যবহারের কারণে গত ১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, এই রুট পুনরায় চালুর ফলে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের পারিবারিক, সামাজিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − two =