জলবায়ু সংকট মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

ঢাকা, ১১ জুলাই ২০২৬ – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকার, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ, উপকূলীয় এলাকায় লবণাক্ততার বিস্তার এবং অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ রক্ষাকে শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি তরুণ প্রজন্ম, নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বাপার সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ। স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাপার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গবেষক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 3 =