টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের, জিম্বাবুয়ের বিপক্ষে আজ শুরু সিরিজ

টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নতুন শুরুর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (১৫ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

জিম্বাবুয়ে সফরে ফেবারিট হিসেবে গেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তারা।

এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। পরিসংখ্যানও টাইগারদের পক্ষেই কথা বলছে। এই সংস্করণে দুই দলের ২৫টি দেখায় বাংলাদেশ জিতেছে ১৭টিতে। এছাড়া ২০২৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স স্বস্তিদায়ক নয়। চলতি বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করলেও পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ফলে এই সিরিজটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ।

হারারে থেকে বুলাওয়েতে ভেন্যু পরিবর্তনের কারণে নতুন কন্ডিশনের সঙ্গেও দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে দলের সামনে।

টি-টোয়েন্টি সিরিজের আগে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, “এখানকার পরিবেশ হারারের তুলনায় কিছুটা আলাদা। বাতাস বেশি এবং সামগ্রিক কন্ডিশনও ভিন্ন। তবে আমরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি দলে ফেরা মোসাদ্দেক বলেন, সুযোগ পেলেই দলের জয়ে অবদান রাখাই তাঁর মূল লক্ষ্য। দলের প্রয়োজন অনুযায়ী যেকোনো ভূমিকায় খেলতে তিনি প্রস্তুত।

শেষ ওয়ানডের জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে। বিশেষ করে টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর শেষ ম্যাচে ব্যাটারদের ছন্দে ফেরাটা টি-টোয়েন্টি সিরিজের আগে ইতিবাচক দিক হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে সফরে না থাকায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়।

বাংলাদেশ দল

তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ে দল

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও মিল্টন শুম্বা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 5 =