ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া

শেষ পর্যন্ত ডিআর কঙ্গোর জেদি গোলরক্ষক এমপাসি-নাজাউকে ফাঁকি দিয়ে ১-০ গোলের জয়ে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।

৭৬ মিনিটে ড্যানিয়েল মুনোজের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে দুই পয়েন্ট পিছনে ফেলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-কে থেকে পরের রাউন্ডে উঠেছে কলম্বিয়া।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছিল তারকা সমৃদ্ধ পর্তুগাল। রোনাল্ডোর দুই গোলে গতকাল তারা উজবেবিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকান জায়ান্ট কলম্বিয়া উজবেকদের ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করেছিল।

কালও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমন চালিয়ে গেছে কলম্বিয়া। কিন্তু ডিআর কঙ্গোর কঠিন রক্ষনবুহ্য ভাঙ্গতে পারেনি। মুনোজ প্রথমেই একটি সুযোগ পেয়েছিলেন। কিন্ত তার গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। হামেস রড্রিগেজের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ডিআর কঙ্গো গোলরক্ষক এমপাসি-নাজাউ। এরপর ইয়োহান মোয়িকা ও লুইস দিয়াজের আরও দুটি শট সেভ করেন এমপাসি।

কিন্তু প্রথম হাইড্রেশন বিরতির পর কলম্বিয়া কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। সেই সুযোগে ডিআর কঙ্গো তাদের উপর চড়াও হয়। যদিও তেমন কোন সুযোগ তারা তৈরী করতে পারেনি।

৫০ মিনিটে দিয়াজের আরও একটি শট পা দিয়ে আটকে দেন এমপাসি। ৭৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মুনোজের ডিফ্লেকটেড শট আর আটকাতে পারেননি এমপাসি। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে ডিআর কঙ্গো।

২০২২ কাতার বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়া শনিবার মিয়ামিতে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের এবং আটালান্টায় ডিআর কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে।

১৯৭৪ সালের পর প্রথমবারের মত বিশ^কাপে খেলতে আসা আফ্রিকান দল ডিআর কঙ্গোর সামনে এখনও শেষ ৩২’এ ওঠার সুযোগ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + 11 =