ঢাকার নৌপথ পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রীর নির্দেশ, বেসরকারি ওয়াটার বাস পরিচালনার উদ্যোগ

ঢাকা, ২ আগস্ট ২০২৬: রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। খবর বাসস

রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে রাজধানীর চারপাশের নৌপথগুলো কার্যকরভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নৌপথ পুনরুজ্জীবনের পাশাপাশি ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখতে, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে নদীর তীর উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নদীতীরের সৌন্দর্য বৃদ্ধি এবং নগরবাসীর জন্য আরও আকর্ষণীয় জনপরিসর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 3 =