দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির প্রাণহানি, আহত ১

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। খবর বাসস

আজ মঙ্গলবার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ হাইকমিশন এই প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং ভুক্তভোগী ও তাদের পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।

এক বিবৃতিতে মিশন নিহতদের আত্মার মাগফিরাত ও আহত বাংলাদেশি নাগরিকের দ্রুত আরোগ্য কামনা করেছে। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের কাছে সমো শহরের একটি দোকানে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই আগুন লাগে।

মিশন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি আজ সমো শহর পরিদর্শনে যাচ্ছেন। সেখানে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং নিহত ও আহত বাংলাদেশিদের খোঁজখবর নেবেন।

পরিদর্শনকালে হাইকমিশনার সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সাক্ষাৎ করবেন এবং স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকা পুলিশের কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

এসব বৈঠকে বর্তমান পরিস্থিতি, তদন্তের অগ্রগতি, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং পরবর্তী করণীয় বিষয়ের ওপর জোর দেওয়া হবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নাগরিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 5 =