দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হতাশার শুরু

ঢাকা, ১ আগস্ট ২০২৬ – দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ইমার্জিং দলগুলোর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।

প্রিটোরিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার দায়ান গালিমের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩০.২ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন ওপেনার মাহফিজুল ইসলাম। তিনি ৭৩ বলে ৫টি চারে ৪০ রান করেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ১১ ও সামিউন বাশির ১০ রান করেন। বাকি কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১১ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে দায়ান গালিম ৮.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া আন্দিলে মোগাকানে নেন ২টি উইকেট। বায়ান্দা মাজোলা, জানকো স্মিত ও ক্যালেব সেলেকা একটি করে উইকেট পান।

মাত্র ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই ইকবাল হোসেন ইমন প্রথম উইকেট তুলে নেন। এরপর চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ড্যানিয়েল স্মিথ (২২) ও মোদিরি লিথেকোকে (১৪) ফিরিয়ে দিলে ৩৭ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

তবে চতুর্থ উইকেটে রিচার্ড সেলেৎসওয়ানে ও মিচেল ভ্যান বুরেনের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

সেলেৎসওয়ানে ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৫ এবং ভ্যান বুরেন ২২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে রিজওয়ান দুটি এবং ইমন একটি উইকেট নেন।

আগামী ৩ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল।

ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে অনুষ্ঠিত ফাইনালে জায়গা করে নেবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচ ১৬-১৯ আগস্ট পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩-২৬ আগস্ট বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =