বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিমের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২০২৫ সালে এক সাক্ষাৎকারে মুজাম্মিল দাবি করেছিলেন, মুম্বাইয়ে আসার পর দীপিকার সঙ্গে তার প্রায় দুই বছরের সম্পর্ক ছিল। তার ভাষ্য অনুযায়ী, দীপিকাই প্রথম তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং পরবর্তীতে সম্পর্কের ইতি টানেন তিনি নিজেই। সে সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে মুজাম্মিল আরও বলেন, সে সময় তিনি অভিনয়ে প্রতিষ্ঠিত হলেও দীপিকা ছিলেন কেবল একজন মডেল। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং বিভিন্ন সাফল্যে একে অপরকে অভিনন্দন জানাতেন। তবে দীপিকা অভিনেতা রণবীর সিংকে বিয়ে করার পর তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, মুজাম্মিলের এই দাবির বিষয়ে দীপিকা পাড়ুকোন কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য বা স্বীকৃতি দেননি।
ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ার পর দীপিকার অনেক ভক্ত মুজাম্মিলের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, বহু বছর আগের ব্যক্তিগত সম্পর্কের দাবি সামনে এনে তিনি অযথা প্রচারের আলোচনায় আসার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, দীপিকা এখন নিজের পরিবার ও ক্যারিয়ার নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন, তাই এমন পুরোনো বিষয় টেনে আনার কোনো প্রয়োজন ছিল না।
২০১৮ সালের নভেম্বরে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।