দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান: স্থানীয় সরকার মন্ত্রী

দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগই টেকসই সমাধানের পথ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দ্রুত নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যাপক ব্যবহার পরিবেশের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনাচরণ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ছাড়া পরিবেশ সুরক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভার বক্তারা বলেন, টেকসই পরিবেশ নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও কার্যকর ও শক্তিশালী করা সময়ের দাবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 10 =