নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ – রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে দেশের অন্যতম প্রধান এই বিশেষায়িত হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। খবর বাসস

আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং রোগীর চাপ কমাতে নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৫০০টি নতুন শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির চিকিৎসা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল।

তাদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তীতে রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা সংযোজনের মাধ্যমে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীত হলো।

নতুন ভবনের ফলে স্নায়ুরোগের বিশেষায়িত চিকিৎসা, রোগী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × one =