পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

দীর্ঘদিনের চোট কাটিয়ে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, নেইমার বর্তমানে শতভাগ ফিট এবং দলে নিজের জায়গা ফিরে পেতে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাসে গুরুতর চোট পান নেইমার। ওই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। এ সময়ে ব্রাজিল দলে বড় পরিবর্তন আসে এবং আক্রমণভাগের নেতৃত্ব নেন ভিনিসিয়ুস জুনিয়র।

গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তি শুরুতে কোনো প্রীতি ম্যাচের দলে নেইমারকে রাখেননি। তিনি বারবার স্পষ্ট করে বলেন, পুরোপুরি সুস্থ না হলে নেইমারের জাতীয় দলে ফেরার সুযোগ নেই। তবে শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পান এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

বিশ্বকাপের আগে আরেকটি ধাক্কাও সামলাতে হয়েছে নেইমারকে। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফলে ব্রাজিল দলের সঙ্গে নিয়মিত অনুশীলনের সুযোগ পাননি তিনি। পরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন।

ব্রাজিলের সংবাদপত্র ফোলহা দো সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার নিয়মিত খেলতে না পেরে স্বাভাবিকভাবেই খুশি নন, তবে তিনি পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সামাল দিচ্ছেন। কোচের ভাষায়, নেইমার নিয়মিত অনুশীলন করছেন, সতীর্থদের কাছে জনপ্রিয় এবং দলের জন্য গুরুত্বপূর্ণ একজন সদস্য। মাঠের বাইরেও তিনি বিনয়ী ও শ্রদ্ধাশীল, যা তাকে নিয়ে কাজ করাকে আরও আনন্দদায়ক করে তুলেছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে মাঠে না নামানোর কারণও ব্যাখ্যা করেন আনচেলত্তি। তিনি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। এমনকি গোল না হলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যেই তাকে মাঠে নামানো হতো। কিন্তু ব্রাজিল গোল করার পর দল যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করছিল, সেই কৌশলে পরিবর্তন আনতে চাননি তিনি। তাই নেইমারকে আর মাঠে নামানোর প্রয়োজন পড়েনি।

আনচেলত্তি বলেন, “নেইমার এখন কোনো সমস্যা ছাড়াই পুরো ৯০ মিনিট খেলতে পারবে। সে বর্তমান পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং প্রতিদিন নিজেকে আরও ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করছে। তাকে নিয়ে কোচিং স্টাফ খুবই সন্তুষ্ট।”

বিশ্বকাপের শেষ ষোলো পর্বে আগামী রোববার নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + nine =