এক মাসের রোমাঞ্চ, নাটকীয়তা ও চমক শেষে ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ আটের লড়াইয়ে। আজ (বৃহস্পতিবার) ফ্রান্স ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২ টায়।
যুক্তরাষ্ট্রের বোস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাওয়া এই লড়াইয়ে বর্তমান আসরের অন্যতম সেরা দল ফ্রান্সের সামনে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো।
এবারের ৪৮ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত ৯৬টি ম্যাচে হয়েছে ২৮০টি গোল। সেই প্রতিযোগিতা পেরিয়ে এখন মাত্র আটটি দল শিরোপার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম এই বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন। খেলোয়াড় ও কোচ—উভয় ভূমিকায় বিশ্বকাপ জেতা ইতিহাসের মাত্র তিনজনের একজন দেশম জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে তার পুরো মনোযোগ এখন মরক্কো ম্যাচে।
তিনি বলেন, “আমি ব্যক্তিগত উত্তরাধিকার নিয়ে ভাবছি না। আমাদের একমাত্র লক্ষ্য মরক্কোর বিপক্ষে সেরা খেলাটা উপহার দেওয়া এবং সেমিফাইনাল নিশ্চিত করা।”
ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা থাকলেও দেশম বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তার ভাষায়, “রেফারি আমাদের প্রতিপক্ষ নন, প্রতিপক্ষ হলো মরক্কো।”
অন্যদিকে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, ২০২২ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তি দেখতে চান না তিনি। সে সময় নিজেদের সেরাটা খেলতে না পারার আক্ষেপ ছিল দলের। এবার কোনো আক্ষেপ রাখতে চান না।

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ শেষে যেন কোনো আফসোস না থাকে। আমরা জানি কোথায় আরও ভালো করা সম্ভব এবং সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
মরক্কো দলে রয়েছে কারিগরি দক্ষতা, শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলার দারুণ সমন্বয়। ফলে ফ্রান্সের জন্য এটি সহজ পরীক্ষা হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে মুখোমুখি হবে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোল হজম না করা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন শেষ ষোলোতে পর্তুগালকে বিদায় করেছে। অন্যদিকে বেলজিয়াম ৪-১ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

ড্রয়ের অন্য অংশে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। শেষ ষোলোতে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে নাটকীয়ভাবে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল।
মেসি বলেছেন, “আমরা কোনোভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে চাইনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই আমাদের জয় এনে দিয়েছে।”
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড অথবা নরওয়ের বিপক্ষে। শনিবার মিয়ামিতে মুখোমুখি হবে দুই ইউরোপীয় দল। শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ে।
বিশ্বকাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই শিরোপার লড়াইকে নতুন মোড় দিতে পারে। তাই ফুটবলপ্রেমীদের চোখ এখন শেষ আটের মহারণে।