বলিউডে নেতিবাচক প্রচারণা, টলিউডে সাফল্য উদযাপনের সংস্কৃতি: রাকুল

বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের মধ্যে কর্মপরিবেশের পার্থক্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার মতে, তেলেগু চলচ্চিত্র শিল্পে সহকর্মীদের সাফল্য উদযাপন ও একে অপরকে সমর্থন করার যে সংস্কৃতি রয়েছে, তা বলিউডে তুলনামূলকভাবে অনেক কম। বরং মুম্বাইভিত্তিক চলচ্চিত্র অঙ্গনে অনেক সময় অনিরাপত্তাবোধ ও নেতিবাচক প্রচারণার (নেগেটিভ পিআর) প্রভাব দেখা যায়।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকুল বলেন, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের কাজের প্রতি সম্মান প্রদর্শনের প্রবণতা বেশি। নতুন কোনো সিনেমা মুক্তি পেলে তারকারা স্বতঃস্ফূর্তভাবে সেটির প্রচারণায় অংশ নেন এবং সহকর্মীদের সাফল্যকে নিজেদের অর্জন হিসেবেও দেখেন।

রাকুলের ভাষায়, তেলেগু চলচ্চিত্র শিল্পে সবাই একে অপরের পাশে দাঁড়ায় এবং সাফল্যকে সম্মিলিতভাবে উদযাপন করে। এই ইতিবাচক পরিবেশ শিল্পকে আরও শক্তিশালী করে তোলে।

অন্যদিকে, বলিউড সম্পর্কে তিনি বলেন, সেখানে অনেক সময় অযথা প্রতিযোগিতা, অনিরাপত্তাবোধ এবং নেতিবাচক প্রচারণা শিল্পের সুস্থ পরিবেশকে ব্যাহত করে। তার মতে, এ ধরনের সংস্কৃতি পরিবর্তন হওয়া প্রয়োজন।

ক্যারিয়ারের শুরুতে কন্নড় ভাষার ‘গিল্লি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রাকুল প্রীত সিং। পরে তেলেগু সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর ২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

দুই ভিন্ন চলচ্চিত্র শিল্পে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই মূল্যায়ন করেছেন বলে জানান। তার বিশ্বাস, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাবই একটি চলচ্চিত্র শিল্পকে দীর্ঘমেয়াদে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + eleven =