বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চা গাছের মতো

আড়াই দশক পার হয়েছে হয়েছে  ক্রিকেট টেস্ট স্টেটাস অর্জন  করেছে। এর মাঝে আইসিসি রাংকিংয়ে  দলটির অবস্থান কখনো শীর্ষ পাঁচ দেশের পর্যায়ে উপনীত হয়নি। এই সময়ে ১১ দেশের বিরুদ্ধে ১৬৫ টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে ২৭ ম্যাচে। পরাজিত হয়েছে ১১৬ ম্যাচে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোন টেস্ট জয় করতে পারেনি। শ্রীলংকা, ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে ১ করে টেস্ট, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে ২ করে টেস্ট। যেহেতু বাংলাদেশ ক্রিকেটের গুণগত মান ধারাবাহিক মনে উন্নীত হয়নি তাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে খুব উৎসাহী নয়।

অথচ বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়নে বিসিবি বিভিন্ন সময়ে বিশ্বের সেরা কোচদের আকর্ষণীয় পারিশ্রমিকে নিযুক্ত করেছে। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অর্জন করার পূর্ব শর্ত হলো দেশের ক্রিকেট অবকাঠামো (উইকেট আনুষাঙ্গিক সুবিধাদি)  উন্নয়নের পাশাপাশি সকল স্তরের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার গুণগত মান উন্নয়ন। দেশের ক্রিকেটে সমৃদ্ধ পাইপ লাইন গড়ে তোলা।

বাংলাদেশের জনসংখ্যা এখন কমবেশি ১৮ কোটি। দেশ জুড়ে আছে ক্রিকেট নিয়ে অভাবনীয় জনপ্রিয়তা। সেই তুলনায় নিউ জিল্যান্ডের জন সংখ্যা মাত্র ৫৩ লক্ষ, অস্ট্রেলিয়ার ২.৭৩ কোটি। অথচ বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড থেকে যোজন যোজন পিছিয়ে। বাংলাদেশের ক্রিকেট অর্জনকে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ভারতের  সঙ্গে তুলনা করার সুযোগ নেই।

পাকিস্তান, শ্রীলংকার সঙ্গে মাঝে মাঝে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করলেও ওই দেশদুটোর ক্রিকেট অবকাঠামো অথবা প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না। যেভাবে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের গুছিয়ে নিয়ে ফিরে আসছে বাংলাদেশকে ভবিষ্যতে ওদের সাথে জয় পেতেও সংগ্রাম করতে হবে।

আমি গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনামূলক পারফরম্যান্স তুলে ধরতে চাই। এই সময়ে বাংলাদেশ সংযুক্ত আরব এমিরেটসে আফগানিস্তান, জিম্বাবুয়েকে অনুষ্ঠিত তিন জাতির টুর্নামেন্টে ফাইনালেও যেতে পারেনি। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। অন্যদিকে একই সময়ে পাকিস্তান ইংল্যান্ড, শ্রীলংকাকে নিয়ে অনুষ্ঠিত তিন জাতির টুর্নামেন্ট জিতেছে, শ্রীলংকার সঙ্গে জিতেছে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা নিয়মিত কনটেন্ট তৈরি করে তারা কিভাবে এগুলো মূল্যায়ন কবে জানতে ইচ্ছা করে।  অথচ এই পাকিস্তান কিছু দিন আগেও বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবল ধোলাই হয়েছে, সীমিত ওভারের সিরিজ হেরে গেছে।

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অর্জনের জন্য প্রয়োজন স্পোর্টিং উইকেটে নিয়মিত খেলে নিজেদের দক্ষতা অর্জন। বাংলাদেশ  দুই একটি ব্যাতিক্রম ছাড়া পেসি উইকেটে উন্নত পেস আক্রমণ আর স্পিনিং উইকেটে ভালো স্পিনারদের খেলতে পারে না। এমন না যে এই দুর্বলতাগুলো কারো জানা নেই। কিন্তু বছরের পর বছর ম্যাচের পর ম্যাচ একই ধরনের দুর্বলতার পরও কেন কারো দায় দায়িত্ব নির্ধারিত হচ্ছে না। আমিনুল ইসলাম বুল্বুল কিন্তু তৃণমূলে ক্রিকেট উন্নয়নের বাস্তব উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু কায়েমী স্বার্থবাদীদের প্রসাদ ষড়যন্ত্রে এবং নিজস্ব কৌশলের সীমাবদ্ধতায় তাকে বিদায় নিতে হয়।

বর্তমান সভাপতির সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট জয় ছাড়া বাংলাদেশের কোন অর্জন আছে কি? কেন টেস্ট দলে ম্যান সম্পন্ন ওপেনিং জুটি নেই। মোমিনুল, মুশফিকের ব্যাটে ভাটির টান সুস্পষ্ট হলেও তাদের প্রতিস্থাপন করার মানসম্পন্ন ব্যাটসম্যান কেন নেই? অনেকে মনে করে নির্বাচকদের খাম খেয়ালীর কারণে অনেক প্রতিভা সম্পন্ন তারুণ্যের প্রতিভা বিকশিত হচ্ছে না। বিভিন্ন বয়স ভিত্তিক দল, ডেভেলপমেন্ট স্কোয়াড থেকে মানসম্পন্ন খেলোয়াড়দের সঠিক পদ্ধতিতে জাতীয় দলে আনা হচ্ছে না।

বাংলাদেশের ছিটেফোঁটা সাফল্যের মূল কারণ সাম্প্রতিক সময়ে কিছু বিরল মানসম্পন্ন পেস বোলারদের উত্থান। নাহিদ, তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল, খালেদ, এবাদতদের সমন্বিত করে একটি ম্যাচ জয়ী ইউনিট গড়ে তোলার বিষয়েও আছে দূরদৃষ্টির অভাব। সঠিকভাবে লোড ম্যানেজ না করায় এবাদত, তাসকিন দীর্ঘ সময় আহত হয়ে খেলার বাইরে ছিল। নাহিদ এখনো লড়াই করছে ফিরে আসতে। সর্বশেষ যোগ হয়েছে হাসান মাহমুদ।  এতোদিনেও কেন ভালো মানের রিস্ট স্পিনার নেই। মিরাজ তাইজুল কেন স্পিনিং উইকেটেও কেন ধারাবাহিকতা হারিয়েছে?

আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অন্যান্য দেশের ক্রিকেট উন্নয়ন গভীর ভাবে পর্যবেক্ষণ করি। সেই তুলনায় বাংলাদেশ ক্রিকেটে পেশাদারিত্বের অভাব আমাকে দারুন ব্যথিত করে।

তাই আমি সকল ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেটের বেড়ে ওঠাকে চা গাছের বেড়ে ওঠার সঙ্গে তুলনা করেছি। শত বছরেও কিন্তু চা গাছ কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতার বেশি বাড়তে পারে না। সেটি না হয় চা শিল্পের একটি কৌশল। কিন্তু কোন কারণে বাংলাদেশ ক্রিকেট একটি ধারাবাহিক উন্নয়নের  পারছে না? কেন বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠছে না গভীর বিশ্লেষণ অতীব জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 2 =