বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিকতা নেই কেন?

সালেক সুফী

ভারতকে আপাতত আলোচনার বাইরে রাখলাম। কিন্তু শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের তুলনা তো করাই যায়। এই দুই দেশ নানা সংকট ও ব্যর্থতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় দলকে পুনর্গঠন করতে পারছে। বাংলাদেশ কেন পারছে না?

সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালেও আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় এবং সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে, জাতীয় দলও জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। অথচ বাংলাদেশের কাছে বিভিন্ন সময়ে হেরে যাওয়া পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলছে।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয়ভাবে ধবলধোলাই হওয়ার পর প্রশ্ন উঠছে—বাংলাদেশ ক্রিকেটের এই ধারাবাহিক অবনতির দায় কার? এ নিয়ে কি কোনো জবাবদিহি আছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট কি ব্যর্থতাগুলো নিয়ে নিরপেক্ষ পর্যালোচনা করছে?

আবারও বলছি, ভারত ক্রিকেটের পরাশক্তি। তাদের সঙ্গে তুলনা না করেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। পাকিস্তান নানা সংকট পেরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের কাঠামোও নতুন প্রতিভা তুলে আনার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করছে। অথচ বাংলাদেশে মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহর মতো ক্রিকেটারদের বিদায়ের পর তাঁদের জায়গা পূরণ করার মতো খেলোয়াড় তৈরি হয়নি। রাজনৈতিক বাস্তবতায় সাকিব আল হাসানও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প তৈরি করাও সহজ নয়।

আকর্ষণীয় পারিশ্রমিকে বিদেশি কোচিং স্টাফ নিয়োগ করা হয়েছে। এর ফলে কয়েকজন ভালো মানের পেসার উঠে এলেও সামগ্রিকভাবে প্রত্যাশিত অগ্রগতি কোথায়? কোনো ফরম্যাটেই কি আমরা নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান, কার্যকর মিডল অর্ডার কিংবা ধারাবাহিক রান করতে সক্ষম লোয়ার অর্ডার গড়ে তুলতে পেরেছি? স্পিন বোলিং কোচ নিয়োগের পরও মানসম্পন্ন নতুন স্পিনার তৈরির অগ্রগতি কতটুকু? মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ওপর নির্ভরতা এখনো কাটেনি।

ব্যাটিংয়েও নির্ভরযোগ্যতার সংকট স্পষ্ট। মুশফিক ও মুমিনুলের মতো অভিজ্ঞদের বিদায়ের পর তাঁদের জায়গা কে নেবেন, তার সুস্পষ্ট পরিকল্পনা কোথায়? নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। লিটন দাস ও তাওহীদ হৃদয় ছাড়া বিভিন্ন ফরম্যাটে নিয়মিত আস্থা রাখার মতো ব্যাটসম্যানের সংখ্যা খুবই সীমিত।

পেস বোলিংয়েও ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। নাহিদ রানার চোট এবং হাসান মাহমুদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রয়েছে। স্কোয়াড নির্বাচন ও একাদশ গঠনেও নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন আছে। সম্ভাবনাময় খেলোয়াড়দের যথাযথ সুযোগ না দেওয়া কিংবা দল নির্বাচনে অস্বচ্ছ প্রভাবের অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

ভারতের ক্রিকেটে বয়সভিত্তিক দল, ‘এ’ দল ও জাতীয় দলের মধ্যে খেলোয়াড় উন্নয়নের একটি কার্যকর যোগসূত্র রয়েছে। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ ও ভিভিএস লক্ষ্মণের মতো তারকারা অবসরে যাওয়ার পরও ভারতীয় ক্রিকেট থেমে থাকেনি। একইভাবে শ্রীলঙ্কার সাবেক তারকাদের বিদায়ের পরও নতুন খেলোয়াড় উঠে এসেছে। পাকিস্তানও দীর্ঘ সময়ের সংকট কাটিয়ে নতুন করে প্রতিযোগিতায় ফিরতে চেষ্টা করছে। বাংলাদেশে সেই ধারাবাহিকতা কোথায়?

কোথায় হারিয়ে গেলেন আকবর আলী? জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকীদের মতো প্রতিভাদের কেন পরিকল্পিতভাবে ওপেনার হিসেবে গড়ে তোলা হচ্ছে না? অমিত হাসানের মতো তরুণদের দলে রেখেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে কি? বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে খেলোয়াড় উন্নীত করার স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া কোথায়?

আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য বিসিবির সাংগঠনিক সক্ষমতা ও পরিকল্পনার গভীর পর্যালোচনা জরুরি। খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও ক্রিকেটসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে অস্বচ্ছ সম্পর্ক কিংবা স্বার্থের সংঘাতের অভিযোগ থাকলে সেগুলোও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। কোনো সম্ভাবনাময় প্রতিভা যেন অনিয়ম, পক্ষপাত বা সিন্ডিকেটের কারণে হারিয়ে না যায়, তা নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের ক্রিকেটে অর্থ, অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি একমাত্র সমস্যা নয়। বড় ঘাটতি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি এবং সঠিক বাস্তবায়ন কৌশলে। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন, বয়সভিত্তিক পর্যায়ে দক্ষতা যাচাই, ‘এ’ দলের নিয়মিত কার্যক্রম এবং জাতীয় দলে যোগ্য খেলোয়াড় তুলে আনার ধারাবাহিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তা না হলে বিচ্ছিন্নভাবে এক-দুটি বড় সাফল্য হয়তো আসবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিকতা তৈরি হবে না। ক্রিকেটকে এগিয়ে নিতে হলে ব্যক্তিনির্ভরতা ও অস্বচ্ছ প্রভাবের বাইরে গিয়ে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট কাঠামো গড়ে তোলার বিকল্প নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − six =