বালোগনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তে ফিফার কড়া সমালোচনা উয়েফার

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগনের লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। সংস্থাটি বলেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে ফিফা ‘সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে’ এবং এতে খেলার সততা ও প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে।

এক বিবৃতিতে উয়েফা জানায়, এমন নজিরবিহীন ও অযৌক্তিক সিদ্ধান্ত ফুটবলের নিয়ম-কানুনের প্রতি আস্থা দুর্বল করে। সংস্থাটির মতে, খেলার নিয়ন্ত্রক সংস্থাই যদি নিয়মের ধারাবাহিকতা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে প্রতিযোগিতার গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হয়।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগন। প্রচলিত নিয়ম অনুযায়ী তার এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও, ফিফা সেটি এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

ফিফার এই পদক্ষেপের পর বেলজিয়াম ফুটবল ফেডারেশন আপত্তি জানিয়ে বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিফা উভয় পক্ষের বক্তব্য শুনতে একটি আপিল প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে শুনানির জন্য আপিল কমিটির একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যিনি উয়েফা বা কনকাকাফভুক্ত কোনো সদস্য সংস্থার সঙ্গে যুক্ত নন।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার সিয়াটলে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। ম্যাচের আগে বালোগনের খেলা নিয়ে অনিশ্চয়তা এবং ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × four =