বিশ্বকাপের ২৩তম আসরে দ্বিতীয় দ্রুততম ১০০ গোলের মাইলফলক

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে টুর্নামেন্টের ৩৩তম ম্যাচেই শততম গোলের দেখা মিলেছে। এর মধ্য দিয়ে এবারের আসর বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছে।

বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড রয়েছে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে, যেখানে মাত্র ২০ ম্যাচেই শত গোল পূর্ণ হয়েছিল—যা এখনো অক্ষুণ্ণ আছে। এরপর দীর্ঘ ৬৮ বছর পর আবারও ৩৩ ম্যাচে ১০০ গোলের মাইলফলকে পৌঁছালো বিশ্বকাপ, যা ১৯৫৮ সালের বিশ্বকাপের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্জন।

এর আগে ১৯৮২ ও ২০১৪ বিশ্বকাপে ৩৬ ম্যাচে এবং ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে ৩৮ ম্যাচে শত গোল পূর্ণ হয়েছিল।

চলতি আসরের শততম গোলটি করেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো। সুইডেনের বিপক্ষে ম্যাচে গোল করে তিনি এই টুর্নামেন্টের শততম গোলদাতার স্বীকৃতি পান। ৩৩ ম্যাচ শেষে এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচে গড় গোল দাঁড়িয়েছে ৩.০৯।

এবারের বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে অ্যাডিডাসের ‘ট্রিয়োন্ডা’ ম্যাচ বল, যা উচ্চ গতির আক্রমণাত্মক ফুটবলে সহায়ক ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের মত।

টুর্নামেন্টে এখন পর্যন্ত একাধিক বড় ব্যবধানের জয়ও দেখা গেছে। এর মধ্যে রয়েছে জার্মানির ৭-১ ব্যবধানে কুরাসাওকে হারানো, সুইজারল্যান্ডের ৪-১ ব্যবধানে বসনিয়া হার্জেগোভিনাকে পরাজিত করা, যুক্তরাষ্ট্রের ৪-১ ব্যবধানে প্যারাগুয়ের জয়, ইংল্যান্ডের ৪-২ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারানো, সুইডেনের ৫-১ ব্যবধানে তিউনিসিয়ার বিপক্ষে জয়, নরওয়ের ৪-১ ব্যবধানে ইরাককে হারানো, কানাডার ৬-০ ব্যবধানে কাতারকে বিধ্বস্ত করা, নেদারল্যান্ডসের ৫-১ ব্যবধানে সুইডেনকে হারানো এবং জাপানের ৪-০ ব্যবধানে তিউনিসিয়ার বিপক্ষে জয়।

বিশ্বকাপের দ্রুত শত গোল পূর্ণ হওয়ায় এবারের আসরকে আরও উচ্চ গোলসংখ্যার টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং বিশ্লেষকরা মনে করছেন শেষ পর্যন্ত এটি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকেও অগ্রসর হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + fifteen =