বেলিংহামের জোড়া গোলে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

জুড বেলিংহামের দুর্দান্ত জোড়া গোল এবং অধিনায়ক হ্যারি কেনের পেনাল্টি থেকে করা আরেক গোলের সুবাদে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এই হারের মধ্য দিয়ে কানাডার পর দ্বিতীয় সহ-আয়োজক হিসেবেও বিশ্বকাপ থেকে বিদায় নিল মেক্সিকো।

ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি এবারের বিশ্বকাপের সবচেয়ে উপভোগ্য ও নাটকীয় ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ আটে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্লিং হালান্ডের নরওয়ে।

ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বলেন, “ম্যাচটি কঠিন ছিল, কিন্তু খেলোয়াড়রা কখনো হাল ছাড়েনি। নিজেদের প্রতি তাদের বিশ্বাস ছিল। আজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তবে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি এবং সবাই অসাধারণ মানসিকতার পরিচয় দিয়েছে।”

প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। বজ্রসহ ভারী বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত ছিলেন আজটেকা স্টেডিয়ামে।

শুরুর দিকে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি মেক্সিকো। ম্যাচের ৩৬ মিনিটে বুকায়ো সাকার নিখুঁত ক্রস থেকে হেডে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহাম। মাত্র দুই মিনিট পর হ্যারি কেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জুলিয়ান কুইনোনেস গোল করে মেক্সিকোকে ম্যাচে ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো ও’রাইলির শট পোস্টে লেগে ফিরে আসে।

৫৪ মিনিটে ভিএআরের সহায়তায় জেসুস গালার্দোকে বিপজ্জনক ট্যাকলের দায়ে ইংল্যান্ডের জারেল কোয়ানসাহকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হলেও ছয় মিনিট পর পাল্টা আক্রমণে পেনাল্টি আদায় করে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনকে ফাউল করলে স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন হ্যারি কেন।

তবে ম্যাচে নাটকীয়তা তখনও বাকি ছিল। নিজের বক্সে ফাউলের দায়ে কেনের বিরুদ্ধে পেনাল্টি দিলে রাউল হিমেনেজ গোল করে ব্যবধান ৩-২ করেন। শেষ ২০ মিনিটে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকো। যোগ করা ১১ মিনিটেও সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে স্বাগতিকরা।

তবে শেষ পর্যন্ত দৃঢ় রক্ষণ এবং গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের গুরুত্বপূর্ণ সেভে জয় ধরে রাখে ইংল্যান্ড। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল থ্রি লায়ন্সরা। অন্যদিকে স্বপ্নভঙ্গ হলো স্বাগতিক মেক্সিকোর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × one =