শিব্বীর আহমেদ, নিউইয়র্ক
ইয়েমেনের কৌশলগত মোখা বন্দর দখলের পর লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর আরও চাপ তৈরি করেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। শুক্রবার তারা প্রণালির দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপও দখল করেছে বলে ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুথি কর্মকর্তারা জানিয়েছেন। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার হুথিরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ মোখা বন্দর শহর দখল করে। বাব আল-মান্দাব প্রণালি থেকে শহরটির দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সাধারণ সময়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ পণ্য এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
রয়টার্স জানিয়েছে, মোখা দখলের পর হুথিরা লোহিত সাগর উপকূল ধরে আরও দক্ষিণে অগ্রসর হয়ে কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জের দিকেও পৌঁছেছে। এতে বাব আল-মান্দাবের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার মায়ুন দ্বীপ দখলের ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করেছে। দ্বীপটি বাব আল-মান্দাব প্রণালির মাঝামাঝি অবস্থানে থাকায় এর কৌশলগত গুরুত্ব রয়েছে। এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার মধ্যে সৌদি আরবের জ্বালানি রপ্তানি নিয়েও উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালিতে চলাচল ইতোমধ্যে বাধাগ্রস্ত হওয়ায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের নৌপথের ওপর বেশি নির্ভর করছে। ফলে বাব আল-মান্দাবে নতুন করে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বাড়তি চাপ পড়তে পারে।
পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে গেছে। বৃহস্পতিবার হুথিদের অগ্রযাত্রার খবরের পর ব্রেন্টের দাম একপর্যায়ে ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে ওঠে।
জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, দেশটি এখন সংঘাতের আরও বিপজ্জনক পর্যায়ের মুখোমুখি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে সৌদি আরব হুথিদের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মোখা দখলের পর সৌদি বাহিনী শহরটির বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে হুথি-নিয়ন্ত্রিত একটি সম্প্রচারমাধ্যম জানিয়েছে। তবে ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২৩ সালের শেষ দিক থেকে হুথিদের হামলার কারণে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে হুথিদের অগ্রযাত্রায় সেই নৌপথ আবারও ঝুঁকির মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, হুথিরা যদি বাব আল-মান্দাবের আশপাশে তাদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে, তাহলে লোহিত সাগরের নৌবাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে ইয়েমেনে ২০২২ সালের পর থেকে চলা তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতিও বড় ধরনের সংঘাতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।