শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও দুর্বল সঞ্চালন ব্যবস্থার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকলেও তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর নবাব আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালী করা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবধান কমানো হবে।
তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ ক্ষমতা আইনের আওতায় সম্পাদিত বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব চুক্তি আইনগতভাবে কার্যকর থাকায় সরকার ইচ্ছা করলেই তা একতরফাভাবে বাতিল করতে পারে না। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে যেখানে সম্ভব, চুক্তির শর্ত পুনর্বিবেচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জুন মাসের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিভাগের লিখিত বক্তব্য উপস্থাপন করেন।