বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি জটিলতা, কারাবাস এবং সামাজিক বর্জনের কঠিন অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তার ভাষায়, সেই মানসিক আঘাত শুধু মনে নয়, শরীরেও রয়ে গেছে।
সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঞ্চালনায় ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে ভাই শোভিক চক্রবর্তীর সঙ্গে অংশ নিয়ে জীবনের সেই কঠিন সময়ের কথা খোলামেলাভাবে তুলে ধরেন রিয়া। হিন্দুস্তান টাইমস
অনুষ্ঠানে শোভিক বলেন, সুশান্তের মৃত্যুর পর তাদের জীবনে যে ঝড় নেমে এসেছিল, সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চার থেকে পাঁচ বছর সময় লেগেছে। তিনি জানান, এখনও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)-এর প্রভাব অনুভব করেন।

ভাইয়ের বক্তব্যের পর রিয়ার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি সেই ট্রমা কাটিয়ে উঠতে পেরেছেন? জবাবে রিয়া বলেন, “ট্রমা এমন কিছু নয়, যা পুরোপুরি ভুলে যাওয়া যায়। এটি আপনার শরীরে থেকে যায়, যদি মনেও না থাকে। থেরাপি নিতে হয়, নিজেকে সামলাতে হয়। সুস্থ হয়ে ওঠা একটি চলমান প্রক্রিয়া।”
রিয়া আরও বলেন, তাদের ব্যক্তিগত সংকট সাধারণ মানুষের মতো ব্যক্তিগত ছিল না; পুরো ঘটনাই জনসমক্ষে ঘটেছে। তাই প্রতিটি মুহূর্ত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ায় মানসিক চাপ আরও বেড়ে গিয়েছিল।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বাসায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার পরিবার রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনে। পরে মামলার তদন্তে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) যুক্ত হয়। মাদক মামলায় রিয়া ও তার ভাই শোভিককে গ্রেপ্তার করা হলেও কয়েক মাস পর তারা জামিনে মুক্তি পান।
পরবর্তীতে সিবিআই তদন্ত শেষে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তিনি জনজীবনে ফিরে আসেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি নিজের পডকাস্ট ও উদ্যোক্তা হিসেবে বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন।