স্পেনের সামনে অস্ট্রিয়া, নকআউটে পুরোনো ইতিহাস বদলাতে চায় লা রোহা

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রিয়া। শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিসংখ্যান—সব দিক থেকেই স্পেন এগিয়ে থাকলেও, ১৯৭৮ সালের বিশ্বকাপের একমাত্র সাক্ষাতের স্মৃতি নিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রিয়া আরও একটি অঘটনের স্বপ্ন দেখছে।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

গ্রুপ পর্বে স্পেনের শুরুটা ছিল ম্লান। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। লামিনে ইয়ামালের অনুপ্রেরণায় সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে স্প্যানিশরা।

স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসির মতে, উরুগুয়ের বিপক্ষে কঠিন লড়াই দলকে আরও আত্মবিশ্বাসী করেছে। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে জয় তুলে নেওয়ার মানসিকতাই বড় টুর্নামেন্টে সফল হওয়ার অন্যতম শর্ত।

অন্যদিকে অস্ট্রিয়ার নকআউটে ওঠার পথ ছিল নাটকীয়। জর্ডানকে হারিয়ে ভালো শুরু করলেও আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে চাপে পড়ে দলটি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সাশা কালাইদজিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোলে শেষ ষোলো নিশ্চিত করে অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা বলেছেন, বিশ্বকাপে সেরাদের বিপক্ষে খেলতেই দলগুলো অংশ নেয়। স্পেন শক্তিশালী প্রতিপক্ষ হলেও তার দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি বিশ্বাস করেন, নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে অঘটন ঘটানো সম্ভব।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পেনের স্পষ্ট আধিপত্য রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৬টি ম্যাচে স্পেন জিতেছে ৯টিতে, অস্ট্রিয়ার জয় ৪টি এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাতে ১৯৭৮ সালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল অস্ট্রিয়া।

আজকের ম্যাচে তাই স্পেনের সামনে রয়েছে সেই পরাজয়ের স্মৃতি মুছে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে অস্ট্রিয়া চাইবে প্রায় পাঁচ দশক আগের সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও বিশ্বকাপের নকআউটে চমক দেখাতে।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × five =