২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা, তিন দেশে বসবে ক্রিকেটের মহাযজ্ঞ

জোহানেসবার্গে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৭ আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যু ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে ক্রিকেটের এই বৈশ্বিক আসর। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ব্র্যান্ড ‘Make the Circle Bigger’ এবং থিম ‘Three Nations, One Heartbeat’।

২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। অন্যদিকে, নামিবিয়া প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে।

৫৪ ম্যাচের এই টুর্নামেন্টের বেশির ভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, বাফেলো সিটি (ইস্ট লন্ডন), কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন—এই আটটি শহরে ম্যাচ হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের হারারে, বুলাওয়েও ও ভিক্টোরিয়া ফলসে সাত থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে। এ দুই ভেন্যু এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচও।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আগামী বছরের ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + eighteen =