২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন জোরদার, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ – সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন আরও গতিশীল করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চারাগাছের তথ্যভিত্তিক পর্যবেক্ষণের জন্য শিগগিরই ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালুর সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সভায় সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কর্মসূচিটির গুরুত্ব তুলে ধরে বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা কর্মসূচির সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। চারাগাছের রোপণ, সংরক্ষণ ও বৃদ্ধি পর্যবেক্ষণকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দ্রুত চালুর বিষয়ে সভায় জানানো হয়। এর মাধ্যমে বৃক্ষরোপণের তথ্য সংরক্ষণ, ট্র্যাকিং এবং নিয়মিত পর্যবেক্ষণ সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় সংশ্লিষ্ট সবাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + 8 =