অসুস্থ হয়ে আইসিইউতে মামুনুর রশীদ

হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পারিবারিক একাধিক সূত্রে জানা গেছে, তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অভিনেত্রী মোমেনা চৌধুরী জানান, মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন মামুনুর রশীদ।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। তার হাত ধরেই ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 9 =