আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, হৃদয়কে জরিমানা

জোহানেসবার্গে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের অভিযোগে খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের জন্য প্রণীত আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের দায়ে হৃদয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে।

জরিমানার পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ।

খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর ঘটনাটি ঘটে। সে সময় মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার যুক্তি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় কর্মকর্তাদের সঙ্গে তিনি আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।

হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নেন এবং আইসিসির এমিরেটস এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শা¯িস্তমেনে নেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + 1 =