আর্জেন্টিনার বিপক্ষে আত্মবিশ্বাসী কেপ ভার্দে, মেসিকে ঘিরে নেই আলাদা পরিকল্পনা

বিশ্বকাপে অভিষেকেই দারুণ চমক দেখিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি এবার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে লিওনেল মেসিকে ঘিরে কোনো বিশেষ কৌশল নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকেই গুরুত্ব দিচ্ছে কেপ ভার্দে।

দলটির সহকারী কোচ উমবেহতো বেতোকু জানিয়েছেন, মেসিকে আলাদাভাবে আটকে রাখার পরিকল্পনা তাদের নেই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “লিওনেল মেসিকে নিয়ে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা পুরো প্রতিপক্ষ দলের কৌশল ও খেলায় বেশি মনোযোগ দিচ্ছি।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এরপর উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে সমতা ফেরায় দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।

গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে আর্জেন্টিনার বিপক্ষেও ইতিবাচক ফলের আশা করছে কেপ ভার্দে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন নন বেতোকু।

তিনি বলেন, “আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য আনন্দের। তবে পরিসংখ্যান কেবল কাগজে-কলমে থাকে। ফুটবলে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। আমরা নিজেদের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নেই বেশি মনোযোগী।”

মেসির প্রসঙ্গে বেতোকু বলেন, “তিনি এমন একজন খেলোয়াড়, যিনি এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে আমরা সবসময় দলগত সমন্বয়ের দিকেই বেশি গুরুত্ব দিই। প্রতিপক্ষ কীভাবে মেসির জন্য জায়গা তৈরি করে এবং কী ধরনের সমন্বয়ে আক্রমণ গড়ে তোলে, সেটিই আমরা বিশ্লেষণ করছি।”

বিশ্বকাপের শেষ ৩২-এর এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই, বাংলাদেশ সময় ভোর ৪টায়। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 6 =